
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার (১০ মে) রাত সাড়ে এগারোটার দিকে আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ি সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ওই কর্মীর নাম মাইনুল ইসলাম মাহিন (২৫)। তিনি আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ১১টায় নিজ বাড়ির সামনের রাস্তায় বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন মাহিন। হঠাৎ একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে কাপড়ে মুখবাঁধা অবস্থায় ৪ থেকে ৫ জন সেখানে এসে টর্চ লাইটের আলো জ্বালিয়ে হঠাৎ একটি গুলি করে। গুলিটি তার পায়ে লাগে। তিনি পড়ে গেলে একই স্থানে আবারও গুলি করে তারা দ্রুত সিএনজিযোগে ঘটনাস্থল থেকে অন্যত্র চলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী শাইখুল আরেফিন শিহাব বলেন, ‘আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ কয়েকজন সিএনজিতে এসে গুলি করে আবার চলে যায়। তাদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।
বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম বলেন, ‘অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী সিএনজিযোগে মাহিন নামে এক কর্মীকে গুলি করে পালিয়ে যায়। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটা রাজনৈতিক প্রতিহিংসা।’
নোয়াখালী জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. হাসান আল মুলক বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসার পর রোগীর অবস্থা গুরুতর হওয়ায় আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেছি।’
বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘আমানউল্লাহপুরে একজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনা জানার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা, কী কারণে গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
সূত্র : কালবেলা












































