
বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে থাকায় ভারতীয়দের জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ঘরে বসে কাজ, অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সের মতো অভ্যাস আবার চালুর পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বিয়েতে আপাতত স্বর্ণ না কেনা, ভোজ্যতেল কম ব্যবহার এবং রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমানোরও আহ্বান জানিয়েছেন তিনি।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানির দাম বাড়তে থাকায় ভারতীয়দের জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার তিনি বলেন, করোনাভাইরাস মহামারির সময় যেভাবে ঘরে বসে কাজ, অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সের অভ্যাস গড়ে উঠেছিল, এখন আবার সেসব পদ্ধতিকে গুরুত্ব দেয়া দরকার।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, মোদি বলেন, ‘করোনার সময়ে আমরা ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন মিটিং, ভিডিও কনফারেন্সসহ নানা ব্যবস্থা গ্রহণ করেছিলাম’। তিনি আরও বলেন, ‘আমরা তখন এসবের সঙ্গে অভ্যস্তও হয়ে গিয়েছিলাম।’
মোদি বলেন, ‘আজ সময়ের দাবি হলো, জাতীয় স্বার্থে আমরা আবার সেই অভ্যাসগুলো চালু করি এবং সেগুলোকে অগ্রাধিকার দিই।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। এর জবাবে তেহরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।
এই সংঘাতের কারণে হরমুজ প্রণালিতেও বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ এই সমুদ্রপথ দিয়ে যায়।
মোদি বলেন, ‘সারা বিশ্বেই পেট্রোল-ডিজেলের দাম অনেক বেড়ে গেছে’। তিনি বলেন, ‘পেট্রোল-ডিজেল কিনতে যে বৈদেশিক মুদ্রা খরচ হয়, তা সাশ্রয় করা আমাদের সবার দায়িত্ব।’
এ ছাড়া বিয়ের জন্য এক বছর স্বর্ণ না কেনার আহ্বানও জানান মোদি। তিনি বলেন, অপ্রয়োজনীয় ব্যয় কমাতে এটি সহায়ক হবে। একই সঙ্গে তিনি জনগণকে ভোজ্যতেলের ব্যবহার কমাতে এবং কৃষকদের আমদানিনির্ভর রাসায়নিক সারের ব্যবহার কমানোর আহ্বান জানান।
মোদি বলেন, ‘আমাদের রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকে নামিয়ে এনে প্রাকৃতিক চাষাবাদের দিকে যেতে হবে’। তিনি আরও বলেন, ‘এভাবে আমরা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারব এবং আমাদের কৃষিজমি ও ধরিত্রীকেও রক্ষা করতে পারব।’












































