
টানা কয়েকদিনের বৃষ্টি আর ঝোড়ো হওয়ায় দেশজুড়ে শীতল আবহাওয়া বিরাজ করছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে ক্রমেই দাপট কমে ৩১ ডিগ্রিতে নেমেছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এই অবস্থায় শুক্রবার (১ মে) রাতের মধ্যেই দেশের ১২ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে পূর্ব অথবা উত্তরপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত রয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় দেশের সর্বোচ্চ ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে খুলনার কয়রায় ৩৪ মিলিমিটার ছাড়াও সাতক্ষীরায় ২৯, খুলনায় ২৭, যশোরে ২৬, পটুয়াখালীর খেপুপাড়ায় ১৯, কক্সবাজারে ১৮ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।












































