প্রচ্ছদ জাতীয় বিএনপিপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয়, জামায়াতের ভরাডুবি

বিএনপিপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয়, জামায়াতের ভরাডুবি

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিএনপিপন্থী প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে, বিপরীতে জামায়াত সমর্থিত প্রার্থীদের বড় ব্যবধানে ভরাডুবি হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনভর ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার। সমিতির মোট ৫২০ জন ভোটারের মধ্যে ৪০৯ জন সদস্য ভোট দিয়েছেন বলে আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট মো. মজিবুর রহমান ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. নাজমুল আহসান পেয়েছেন ১২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন অ্যাডভোকেট মো. আরিফ হোসেন; তিনি ৩২৮ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. মহিউদ্দিন পেয়েছেন মাত্র ৬৯ ভোট। সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম ২৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদুর রহমান পেয়েছেন ১২৭ ভোট।

সহ-সাধারণ সম্পাদকের দুটি পদে অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম সোহাগ ৩০৫ ভোট এবং অ্যাডভোকেট মো. মুজিবুল হক বিশ্বাস রানা ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মাইনুল ইসলাম রুবেল ২৯৮ ভোট পেয়ে বিজয়ী হন।

এ ছাড়া লাইব্রেরি সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং সদস্য পদের দুটিতে অ্যাডভোকেট মো. এনামুল হক রাসেল ও অ্যাডভোকেট মোহাম্মাদ নজরুল ইসলাম পাটোয়ারী জয়ী হয়েছেন।