
সরকারি কাজে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিজনেস ক্লাসের পরিবর্তে ইকোনমি ক্লাসে যাতায়াতের নির্দেশনা দিয়েছে সরকার। সরকারের আর্থিক ব্যয় সংকোচনের লক্ষ্যে এমন সিদ্ধান্ত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
উপসচিব র. হ. ম. আলাওল কবিরের সই করা ওই নির্দেশনায় বলা হয়, সরকারের আর্থিক ব্যয় সংকোচনের নিমিত্ত অতিরিক্ত সচিব বা সমপর্যায়ভুক্ত সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা স্ব-শাসিত বা সংবিধিবদ্ধ অথবা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সব কর্মকর্তাকে আকাশপথে বিমানে বিদেশ ভ্রমণকালে বিজনেস বা ক্লাব অথবা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে সুলভ শ্রেণিতে (ইকোনমি ক্লাস) ভ্রমণের নির্দেশনা প্রদান করা হলো।
এ ক্ষেত্রে অর্থ বিভাগের ২০১২ সালের ৯ অক্টোবরের ‘সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণ ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা’ সংক্রান্ত অনুচ্ছেদ ২১ (খ)-এ যাই থাকুক না কেন, এই নির্দেশনা পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত মেনে চলার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র : বাংলা ভিশন













































