প্রচ্ছদ জাতীয় স্ত্রীসহ বিএনপি নেতা গ্রেপ্তার

স্ত্রীসহ বিএনপি নেতা গ্রেপ্তার

অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু এবং তার স্ত্রী আইরিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান থানা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ পূর্বপারপুগী এলাকার বাসিন্দা মো. আব্দুর রাজ্জাকের ছেলে হাবিবুল ইসলাম বাবলু এবং তার স্ত্রী আইরিন আক্তার।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র : কালবেলা