প্রচ্ছদ জাতীয় বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? আচমকা এমন বিস্ফোরক প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে অধিবেশন চলাকালে দেওয়া বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন।

জামায়াত নেতা আজহার বলেন, বিএনপি দাবি করে তারা মুক্তিযুদ্ধের দল। অথচ দলটি প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। আর মুক্তিযুদ্ধ হয় ১৯৭১ সালে। তাহলে মুক্তিযুদ্ধের দল কীভাবে বিএনপি হতে পারে?

তিনি আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তাদের নারী নেতৃরা রাজপথে আন্দোলন করেছেন এবং তাদের অনেক ভূমিকাও আছে। কিন্তু সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জের কাশিয়ানী থানা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদককে আপনারা মনোনয়ন দিয়েছেন।

তিনি প্রশ্ন তোলেন, কেন? এটা কি আপনাদের দৈন্যতার কারণে নাকি আপনারা কোনো মহিলা খুঁজে পাচ্ছেন না? আপনারা কি কোনো শক্তিকে খুশি করতে চান? তাদের সহযোগিতায় ক্ষমতায় থাকতে চান? এ প্রশ্নের জবাব আপনারাই দেবেন।

জান্নাতের টিকিট বিক্রির প্রসঙ্গে এ টি এম আজহার বলেন, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই। আমাদের আন্দোলন জান্নাত। আপনারা কি জান্নাতে যেতে চান না?