প্রচ্ছদ জাতীয় মাইক বাজিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতেই গণপিটুনি খেলেন যুবলীগ কর্মী

মাইক বাজিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতেই গণপিটুনি খেলেন যুবলীগ কর্মী

এবার নোয়াখালীর মাইজদীতে প্রকাশ্যে সিএনজিচালিত অটোরিকশায় মাইক বাজিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান দেওয়ায় মো. আলাউদ্দিন (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোমবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে নোয়াখালী পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে এ দিন সকাল সাড়ে ১০টার দিকে মাইজদী শহরের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আটক আলাউদ্দিন নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে এবং যুবলীগের কর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটির ওপরে দুটি মাইক বাঁধা ছিল। ভেতরে বসে ওই যুবক মাইকে স্লোগান দিতে থাকেন। শহরের পৌরবাজার এলাকা থেকে সুধারাম থানার দিকে যেতে যেতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি স্লোগান দেন তিনি। স্লোগান দিতে দিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে আসেন। সেখানে অটোরিকশা থেকে নেমে সড়কে দাঁড়িয়ে স্লোগান দেন তিনি।

তবে এ সময় স্থানীয় কিছু বাসিন্দা তেড়ে এলে অটোরিকশায় উঠে যান। পরে ওই বাসিন্দারা অটোরিকশা থেকে তাকে টেনে–হিঁচড়ে নামিয়ে গণপিটুনি দেন। অটোরিকশাচালককেও চড়–থাপ্পড় দেন তারা। এরপর মাইক ও অ্যামপ্লিফায়ার কেড়ে নিয়ে ওই যুবক ও অটোরিকশাচালককে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে মাইক ও অ্যামপ্লিফায়ার জব্দ করে।

এদিকে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, জনগণ তাকে গণপিটুনি দেওয়ায় তিনি আহত অবস্থায় আছেন। আটকের পর চিকিৎসা দিয়ে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার মানসিক সমস্যা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।