
ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের জামায়াতের লোক বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে দাবি করে তিনি জামায়াতের আমিরের প্রতি প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, মধ্য বাড্ডা, কাফরুল ও মিরপুরে বাসে আগুন এবং হাইকোর্টের সামনে বোমাবাজির ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তার উত্তর দিতে হবে।
একটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের জামায়াতের লোক বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে দাবি করে তিনি জামায়াতের আমিরের প্রতি প্রশ্ন তোলেন। রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায়ও প্রতিবাদ জানাতে জামায়াতের আমিরকে লংমার্চ করার আহ্বান জানান তিনি।
এক দফার আন্দোলন প্রসঙ্গে রিজভী বলেন, ‘আপনাদের এক দফার কথা শুনে আমরা কি গলি দিয়ে পালাবো, না প্রাচীরের ওই পারে আমরা লাফ দেব?’
তিনি বলেন, যে দলের সম্পর্ক রাজপথের ইট, কাঠ, ধুলা ও বালুর সঙ্গে, সেই দল বিএনপি। ১৭ বছর ধরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপি আন্দোলন করেছে। জুলাইয়ের আন্দোলন ও আগস্টে শেখ হাসিনার সরকারের পতনও দীর্ঘদিনের সেই আন্দোলনের বহিঃপ্রকাশ বলে দাবি করেন তিনি।
রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় আছে ক্ষমতার জোরে নয়, জনগণের শক্তির জোরে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, ২৫ হাজার কোটি গাছ লাগানো, হৃদরোগীদের রিংয়ের দাম কমানো এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, এসব উদ্যোগ জনগণের স্বার্থে নেওয়া হয়েছে।
সবশেষে রিজভী বলেন, ‘বিএনপির খুঁটি কোনো বাঁশের খুঁটি নয়, বিএনপির খুঁটি জনগণের খুঁটি। ওই জনগণের খুঁটির ওপর বিএনপি দাঁড়িয়ে আছে। এই খুঁটি এত শক্ত যে হিমালয় পর্বতের শক্তি দিয়ে আঘাত করলেও এই খুঁটি নড়ানো যাবে না।’
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সংসদ সদস্য হামিদুর রহমান, কামরুজ্জামান রতন প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বিজয়নগর নাইটিঙ্গেল মোড় ঘুরে পুনরায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।










































