
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম জানিয়েছেন, তার ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে আনা আত্মহত্যার প্ররোচনার অভিযোগ মিথ্যা। দ্বিতীয় স্ত্রী মরিয়ম আত্মহত্যা করার সময় বাসায় ছিলেন না তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে ঢাকার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রোববার সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে হেফাজতে নেয় পুলিশ।
পরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা বেগমকে আদালতে হাজির করা হয়। দুপুর ২টা ২২ মিনিটে তাদের আদালতে নেওয়া হয় এবং সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।
পরে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার পাঁচটি কারণ উল্লেখ করে দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
বেলা ৩টা ১২ মিনিটে আসামিদের আদালতের পঞ্চম তলার এজলাসে নেওয়া হয়। এ সময় তাদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট এবং বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। কাঠগড়ায় নেওয়ার পর এগুলো খুলে দেওয়া হয়।
বিকাল ৩টা ১৫ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এজলাসে ওঠেন। এক মিনিট পর শুরু হয় মামলার শুনানি।
তদন্ত কর্মকর্তা এসআই মো. শামসুজ্জোহা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে সর্বোচ্চ মেয়াদের রিমান্ড মঞ্জুরের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত গাজী নজরুল ইসলামকে চার দিন এবং মাকছুদা বেগমকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে বিচারক এজলাস ত্যাগ করেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজী নজরুল ইসলাম বলেন, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। সে নিজে নিজে আত্মহত্যা করেছে।
মরিয়ম কেন আত্মহত্যা করেছেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমি জানি না।










































