
রংপুর অভিমুখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চে যাওয়ার জন্য গাড়ি না পেলে ট্রাক ভাড়া করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কার গাড়ি নিয়ে যাব, সবার কাছে গাড়ি চাইতেছি। একজন বলল, ট্রাকে করে যাওয়ার জন্য। দেখি একটা ট্রাক ভাড়া করব এবার।’
রংপুর অভিমুখে লংমার্চ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সরকারকে সরকার বলতেছে এটা লং ড্রাইভ। আমরা সরকারকে আহ্বান জানাই, লং ড্রাইভে আসেন, ঘুরে আছি রংপুরে।’
তিনি বলেন, রংপুরে গিয়ে তিস্তা নিয়ে কথা হবে। পাশাপাশি ৬ দফার সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়টিও যুক্ত হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘আমাদের প্রথমে ৬ দফা ছিল। ৬ দফার পরে নতুন একটা দফা, যেটা নিয়ে আমি বাংলাদেশে আন্দোলন শুরু করেছিলাম, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি। এটাও আমাদের ১১ দলীয় যে জোটের দফা আছে, সেটাতে অন্তর্ভুক্ত হয়েছে। সাত দফা হয়েছে।’
উল্লেখ্য, ৭ দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের রংপুর অভিমুখে লংমার্চ হবে ১৯ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি প্রস্তুতি সভা শেষে এ তথ্য জানান ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
১৯ সেপ্টেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উদ্বোধনী সভা এবং রংপুর জিলা স্কুলে সমাপনী সমাবেশ হবে। এ ছাড়া পাঁচ জেলায় পাঁচটি পথসভা করার কথা রয়েছে।
এর আগে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে লংড্রাইভ করেছেন’ বলে অভিযোগ উঠে নাসীরুদ্দীন পাটওয়ারী বিরুদ্ধে। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খানের তোলা ওই অভিযোগে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।












































