প্রচ্ছদ জাতীয় বিদায় নিলেন মুসাদ্দিক

বিদায় নিলেন মুসাদ্দিক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শেষ করার ঘোষণা দিয়েছেন।

তিনি জানিয়েছেন, দায়িত্বের এক বছরে তিনি ছোট-বড় মিলিয়ে প্রায় দেড় শতাধিক একক আয়োজন করেছেন। তার সম্পাদনা ও ব্যবস্থাপনায় প্রকাশিত হয়েছে প্রায় ২৮টি সাহিত্য পত্রিকা, স্মারকগ্রন্থ ও সংকলন। শুধু গত জানুয়ারি মাসের ৩১ দিনেই তিনি ৫০টির বেশি কাজে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন।

প্রাথমিক দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার সংবাদ সম্মেলনে কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক খোলা চিঠিতে এসব তথ্য জানান তিনি।

২০২৫ সালের ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন মুসাদ্দিক। ১৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর ২০২৬ সালের ১৪ সেপ্টেম্বর তার প্রাথমিক মেয়াদ শেষ হয়। নির্বাচন না হওয়া পর্যন্ত গঠনতন্ত্র অনুযায়ী আরও ৯০ দিন দায়িত্ব পালনের সুযোগ থাকলেও তিনি ব্যক্তিগতভাবে ওই সময় নিতে চান না বলে জানান।

মুসাদ্দিক বলেন, পুরো বছরের কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রস্তুত করা সম্ভব হয়নি। তবে জানুয়ারি মাসের কার্যক্রমের তালিকা প্রস্তুত করে দেখা গেছে, ওই এক মাসেই ৫০টির বেশি কাজে যুক্ত ছিলাম।

দায়িত্বের এক বছরের কর্মকাণ্ডের মূল্যায়ন শিক্ষার্থীদের ওপর ছেড়ে দিয়ে মুসাদ্দিক বলেন, কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তিনি দুঃখিত। তার দাবি, দায়িত্ব পালনের সময় শিক্ষার্থীদের বিভিন্ন তাৎক্ষণিক সমস্যায়ও সহযোগিতা করেছেন। পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রায় এক ডজন মোবাইল ফোন উদ্ধার এবং প্রতিদিন গড়ে তিন-চারজন শিক্ষার্থীকে বিভিন্ন আইনি ও তাৎক্ষণিক সমস্যায় সহযোগিতার কথাও জানান তিনি।

প্রাথমিক দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শেষ করার ঘোষণা দিয়ে মুসাদ্দিক বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শেষ হবে। তবে দায়িত্ব শেষ হলেও ভবিষ্যতে শিক্ষার্থীদের প্রয়োজন হলে সাধ্যমতো সহযোগিতা করবেন বলে জানান তিনি।