প্রচ্ছদ জাতীয় ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও

ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে দেশের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় কর্মকাণ্ড বিশেষ করে ডাকসুর কর্মকাণ্ডের স্মৃতি সংরক্ষণে ডাকসুর সংগ্রহশালার উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১২ টায় এ সংগ্রহশালার উদ্বোধন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

সংস্কারের মধ্যে ডাকসুর সংগ্রহশালায় নতুন অনার বোর্ড লাগানো হয়েছে। অনার বোর্ডে ১৯২৪-২৫ সেশন থেকে শুরু করে বর্তমান ২০২৫-২৬ সেশন পর্যন্ত সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম রাখা হয়েছে। তবে অনার বোর্ডে সকলের নাম উঠে আসেনি।

দেখা যায়, অনার বোর্ড থেকে ২০১৯-২০ সেশনের ঘোষিত বিজয়ী সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর নাম বাদ দেওয়া হয়েছে। আবার সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ঘোষিত মো. রাশেদ খাঁনকেও সাধারণ সম্পাদক হিসেবে লেখা হয়নি।

সংস্কার কাজের সার্বিক তত্ত্ববধানে ছিলেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘আমাদের কারো নামই লিখতে সমস্যা নাই। আগের সকলের নামই লেখা আছে। যেহেতু এটা বিতর্কিত (ডিসপিউটেড) বিষয়, সেহেতু বিষয়টি বাদ রাখা হয়েছে। যখন এটা নিয়ে সুরাহা হবে, তখন অবশ্যই নাম যুক্ত করা হবে।’

উল্লেখ্য, ২০১৯ সালের নির্বাচনে ঘোষিত বিজয়ী (কার্যক্রম নিষিদ্ধ) ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় গত ৩১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় রাব্বানীর ডাকসু পদও বাতিল করা হয়। পাশাপাশি ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ২য় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত মো. রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করে সিন্ডিকেট।