বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

বিকেলে গ্রেপ্তার রাতে হাজতে ‘ঝুলন্ত লাশ’

অপরাধ: হবিগঞ্জের বানিয়াচং থানায় যুবকের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। পুলিশ বলছে, বিকেলে গ্রেপ্তার করে থানাহাজতে নেওয়ার পর রাতে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক। তবে পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার নন্দিপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে গোলাম রাব্বানীকে (২০) চুরির অভিযোগে মঙ্গলবার বিকেলে তার বাসার সামনে থেকে আটক করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এসআই মনিরুল ইসলাম। রাত ৮টার দিকে থানাহাজতের ফ্যানের

সঙ্গে পরনের বেল্ট ও গেঞ্জি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল সকালে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে রাব্বানীর বড়ভাই মঈন উদ্দিন দাবি করেন, রাব্বানীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের একাধিক চিহ্ন আছে। তিনি বলেন, প্রথমে তার ভাইয়ের বুকে ব্যথা বলে তাদের খবর দেওয়া হয়। পরে হাসপাতালে গিয়ে তারা রাব্বানীকে মৃত অবস্থায় পান।
এ বিষয়ে বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, ‘তার বিরুদ্ধে অন্তত সাতটি চুরির মামলা আছে। পুলিশের অগোচরে সে আত্মহত্যা করেছে। তার পরিবারের সদস্য ও একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট করা হয়েছে।’

দিনে-রাতে ২৪ ঘণ্টা জেগে মানুষকে পাহারা দেয় পুলিশ

পুলিশ রাতে ঘুমায় না, দিনে-রাতে ২৪ ঘণ্টা জেগে থেকে মানুষকে পাহারা দেয় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজার বধ্যভূমি এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচনী প্রচার-প্রচারণায় বিশৃঙ্খলার বিষয়ে প্রার্থীদের প্রতি ডিএমপির কোনো নির্দেশনা আছে কিনা জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, অবশ্যই আছে, নির্বাচন যেন অবাধ ও শান্তিপূর্ণ হতে পারে। সেটির জন্য নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছে, এখনও দিচ্ছে। নির্বাচন কমিশনের প্রতিনিধি রিটার্নিং অফিসার প্রতি জেলায় রয়েছে। ঢাকা মহানগর এলাকায়ও রয়েছে। এর মধ্যে যেখানে যে ধরনের সমস্যা হচ্ছে, সেটা সমাধানের জন্য শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করছে।

ডিএমপি কমিশনার বলেন, নির্বাচন কমিশনের অধীনে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে পুলিশসহ অন্যান্য সংস্থা প্রস্তুত রয়েছে। ৭ তারিখের ভোট সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। এতে পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি রয়েছে। এর পাশাপাশি আনসার ও বিজিবিও প্রস্তুত রয়েছে। একপর্যায়ে সেনাবাহিনীও সিভিল প্রশাসনকে সহযোগিতা করার জন্য মাঠে নামবে।

রাজধানীতে ছিনতাইয়ের বিষয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, রাজধানীতে যেসব ছিনতাইপ্রবণ এলাকা আছে, তার মধ্যে মোহাম্মদপুর একটি। কিছুদিন আগে সেখানে একটি ঘটনা ঘটেছে। ওই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পুরো গ্যাংয়ের ১৮ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ওই এলাকায় এ ধরনের ঘটনা আর যেন ঘটতে না পারে সে জন্য পুলিশি টহলের পাশাপাশি তৎপরতা বাড়ানো হয়েছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, পুলিশ রাতে ঘুমায় না। দিনে রাতে ২৪ ঘণ্টা জেগে থাকে। মানুষকে পাহারা দেয়। কোনো চুরি ছিনতাই যাতে কোথাও না হয় সেদিকে খেয়াল রাখে। এমনকি কোনো দুর্যোগ ঘটলে দ্রুত সময়ে সহযোগিতা করতে পারে সেজন্য জেগে থাকে

নৌকার প্রচারনায় সংসদের যুগ্ম সচিব- অতঃপর

২৪ ডিসেম্বর মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগ এবং বিগত ২৫ ডিসেম্বর জগন্নাথদিঘী ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত পায়েরখোলা এলাকার নির্বাচনী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকাশ্যে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে বক্তব্য রাখেন। 

জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে নির্বাচনি আচরণ বিধি ভঙ্গের  দায়ে শোকজ দিয়েছেন কুমিল্লা-১১আসনে নির্বাচনি তদন্ত কমিটি।

বুধবার (২৭ ডিসেম্বর) কুমিল্লা-১১ আসনের নির্বাচনি তদন্ত কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ  সাইফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। 

নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচার চালানোয় এই শোকজ দেন সংশ্লিষ্ট নির্বাচনি তদন্ত কমিটি।

এতে চিঠিতে বলা হয়েছে, রিটার্নিং অফিসার কুমিল্লার মাধ্যমে কুমিল্লা-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো: মিজানুর রহমান আপনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরপূর্বক দাবি করেন যে আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা হয়েও বিগত ২৪ ডিসেম্বর মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগ এবং বিগত ২৫ ডিসেম্বর  জগন্নাথদিঘী ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত পায়েরখোলা এলাকার নির্বাচনী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকাশ্যে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে বক্তব্য রাখেন। এবং আপনার অধীনস্থ কর্মচারী মো. আবুল কাশেম এর মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লংঘনপূর্বক চৌদ্দগ্রাম উপজেলার নৌকা প্রার্থী মো. মুজিবুল হকের নির্বাচনী প্রচার-প্রচারণা ও নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেছেন।

এ সংক্রান্ত নিউজ যমুনা টিভির বিগত ২৬ ডিসেম্বর নির্বাচনের সব খবর সংবাদে প্রচারিত হয়, যার ভিডিও ক্লিপ ও স্থিরচিত্র এই অনুসন্ধান কমিটির নিকট সংরক্ষিত রয়েছে, যাতে আপনার সরব উপস্থিতি পরিলক্ষিত করা যাচ্ছে। ওই কার্যাবলীর মাধ্যমে আপনি “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮” এর ১৪(১)(২) এর বিধি লংঘন করেছেন মর্মে প্রতীয়মান হয় ।

এই অবস্থায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না সে বিষয়র আগামী ০১ জানুয়ারি সকাল ১১ টায় নির্বাচনি তদন্ত কমিটির কার্যালয়ে স্বশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্বামীর নামে মিল, বিনা অপরাধে কারাগারে ৪ দিন

সাতক্ষীরায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামির পরিবর্তে রুহী আকতার স্মৃতি নামে নারীকে আটক করে কারাগারে পাঠিয়েছে তালা থানার সাব-ইন্সপেক্টর মামুন। এ ঘটনায় চারদিন কারাভোগ শেষে বুধবার (২৭ ডিসেম্বর) জামিনে মুক্তি পেয়েছেন তিনি।

এর আগে ২৩ ডিসেম্বর বিকেলে রুহী আকতার স্মৃতিকে তার বাসা থেকে আটক করে সাব-ইন্সপেক্টর মামুন। এদিকে বিষয়টি নিয়ে পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন করেছেন।

রুহী আকতার স্মৃতির স্বামীর নাম আরিফুল ইসলাম মালী, বাবা শহর আলী ও মায়ের নাম হালিমা বেগম। অন্যদিকে প্রকৃত আসামি সুমী আক্তারের স্বামীর নামও আরিফুল ইসলাম বিশ্বাস, মায়ের নাম সালমা বেগম।

জানা যায়, তালা উপজেলার বারুইআটি গ্রামের শহর আলীর মেয়ে রুহী আকতার স্মৃতিকে একটি চেক প্রতারণার মামলায় ২৩ ডিসেম্বর বিকেল ৩টায় দিকে বাড়ি থেকে গ্রেপ্তার করে তালা থানার সাব-ইন্সপেক্টর মামুন। গ্রেপ্তারের পর রুহী আকতার স্মৃতিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বুধবার (২৭ ডিসেম্বর) কারাগারে থাকা রুহী আকতার স্মৃতির স্বজনরা সাতক্ষীরা আদালত থেকে তাকে জামিনে মুক্ত করে মামলার নথিপত্রে দেখেন, যে মামলায় রুহী আকতার স্মৃতিকে গ্রেপ্তার করা হয়েছে ওই মামলার প্রকৃত আসামি তালা উপজেলার আরিফুল ইসলামের স্ত্রী সুমি আক্তার। সুমি আক্তারের বাড়ি বারুইহাটি গ্রামের বিশ্বাস পাড়ায়।

এ ঘটনায় তালা থানার এসআই মামুন বলেন, গ্রেপ্তার করার সময় বা থানায় এসে তাদের পরিবারের কেউ বলেনি আমি সেই আসামি নই। তালা ইউনিয়নের চেয়ারম্যানও এসেছিলেন তিনিও বলেননি। এখন শুনছি গ্রেপ্তার করা আসামি প্রকৃত আসামি নয়।

গ্রেপ্তার হওয়া নারীর শ্বশুর আব্দুল কাদের মালী জানান, আমরা বারবার বলেছি পুলিশকে সে কোনো এনজিও থেকে লোন নেয়নি। সে কোনো অপরাধী নয়। তবুও বৌমাকে ভাত খাওয়া অবস্থায় ধরে নিয়ে যায়। চারদিন সে বিনা অপরাধে জেল খেটেছে।

মামলার বাদী বেসরকারি এনজিও সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন তালা শাখার ম্যানেজার সৈয়দ ইমারন আলী বলেন, আমি মাত্র এক মাস আগে এই শাখায় যোগদান করেছি। কাগজপত্র না দেখে বিস্তারিত বলতে পারছি না।

এ ঘটনায় তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোমিনুল ইসলাম জানান, দুইটা চেক প্রতারণার মামলায় তাকে আটক করা হয়। চেয়ারম্যান জাকিরও থানায় এসেছিল। তখন তিনিও তো বলেননি। তাছাড়া তাদের পরিবারের কেউ বিষয়টি জানায়নি। ঘটনাটি আমরা জানার পর বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।

সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি আব্দুল লতিফ বলেন, এমন ভুল কীভাবে হয়েছে জানি না। যে নামে ওয়ারেন্ট থাকবে পুলিশ সেই নামের ব্যক্তিকে গ্রেপ্তার করবেন। এর বাইরে কিছু হওয়ার সুযোগ নেই।

সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন, বিষয়টি জানা মাত্র তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। অনেক সময় নামের মিল থাকে সেক্ষেত্রে হতে পারে তবে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে। যদি পুলিশের কেউ কিংবা অন্য কেউ হয়রানিমূলকভাবে এটি করে থাকে সেটা প্রমাণিত হয় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহাসমাবেশ ইস্যুতে হেফাজতে ইসলামের বিবৃতি

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা ২৯ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্তের পর কিছু গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশ হওয়াতে বিবৃতি দিয়েছে সংগঠনটি।

বুধবার (২৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা ২৯ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে গতকাল কিছু গণমাধ্যমে এমন সংবাদ প্রচারিত হয়েছে যে, এ সিদ্ধান্ত আমার অবগতি বা অনুমোদন ব্যতীত গৃহীত হয়েছে।

এই ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এমন অমূলক এবং বাস্তবতা বিবর্জিত সংবাদ গণমাধ্যমে প্রচার হওয়া খুবই দুঃখজনক। অনুমানের ভিত্তিতে এমন অসত্য তথ্য প্রকাশ করা চরম বিভ্রান্তিকরও বটে।

তিনি আরও বলেন, নির্বাচন-পূর্ব দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২৯ তারিখের মহাসমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আমার নির্বাহী অনুমোদনের মাধ্যমেই নেওয়া হয়েছে। ঢাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের যেই বৈঠকে মহাসমাবেশ স্থগিত করার প্রস্তাবনা তুলা হয় সেই বৈঠকের ব্যাপারে আমি পূর্ণ অবগত ছিলাম। পরবর্তীতে মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান কর্তৃক আমার অনুমোদনের ভিত্তিতেই মহাসমাবেশ স্থগিত করার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল সিদ্ধান্ত সংগঠনের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় দায়িত্বশীলদের পরামর্শক্রমেই গৃহীত হয়ে থাকে। এ নিয়ে অমূলক বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই।

হেফাজতের আমির বলেন, অনতিবিলম্বে বিনাশর্তে মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দি আলেমদের মুক্তি দিতে হবে। ২০১৩ সাল থেকে হেফাজতের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। খুব শীঘ্রই হেফাজতের নির্বাহী কমিটির বৈঠকে পরামর্শের ভিত্তিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

ভাগ-বাটোয়ারার নির্বাচন জমছে না দেখে দিশেহারা প্রধানমন্ত্রী

নির্বাচন কমিশনারদের কঠোর সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আপনাদের মতো দুদিনের দলদাসদের রক্তচক্ষু দেখার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। এই একদলীয় ভোট জনগণ প্রত্যাখ্যান করেছে। ভয়ভীতি-কেরামতি যাই করেন, কেন্দ্রে কোনো ভোটার পাবেন না। এই ফলাফল ঘোষণার নির্বাচনের বিরুদ্ধে সারাদেশ আজ ঐক্যবদ্ধ।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘৭ জানুয়ারির আসন ভাগ-বাটোয়ারার ‘আমি-ডামির’ ভোট প্রহসন জমছে না দেখে দিশেহারা হয়ে পড়েছে প্রধানমন্ত্রী ও তার ডামি নির্বাচন কমিশন। গোটা দেশকে অভাবনীয় নরকপুরীতে পরিণত করেছে। পুরো বাংলাদেশকে জেলখানা বানানো হয়েছে। জেলের ভেতরে যাদের নিক্ষেপ করা হয়েছে তাদের তিলে তিলে নির্যাতন করে হত্যা করা হচ্ছে।’

‘একদিকে নৌকার প্রার্থী ও তাদের প্রচারকরা হুমকি দিচ্ছেন ভোটকেন্দ্রে না গেলে বাড়িছাড়া করা হবে, অপরদিকে নির্বাচন কমিশনাররা জেল-জরিমানার হুমকি দিচ্ছেন। কেউ ভোট প্রতিহত করার চেষ্টা করলে সাত বছরের জেল হবে, অর্থদণ্ড হবে। ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ করলে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হবে। ইসি মো. আনিছুর রহমানের ঔদ্ধত্য এবং হুমকি-হুংকার দেখে মনে হচ্ছে তিনি অস্তিত্ব ভুলে আওয়ামী সেবাদাসত্ব করছেন। প্রতিদিন গণভবন থেকে আসা ফরমান ঘোষণা করছেন-’ বলেন রিজভী।

তিনি বলেন, ‘দেড় দশক ধরে জগদ্দল পাথরের মতো বাংলাদেশের ঘাড়ে চেপে বসা দৈত্যের পতন এবং একতরফা পাতানো নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনরত ১৮ কোটি জনগণকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গলির গুন্ডাদের মতো শাসাচ্ছেন। বিএনপিকে শায়েস্তা করার হুমকি দিচ্ছেন আনিছুর রহমানরা। পুলিশকে লেলিয়ে দিচ্ছেন। বাংলাদেশের নাগরিকদের গোলাম ভাবা শুরু করেছেন।’

এই বিএনপি নেতা বলেন, ‘আওয়ামী লীগের গোলামির পরীক্ষায় শ্রেষ্ঠত্ব পাওয়ার কোটায় নির্বাচন কমিশনার হওয়া এই ব্যক্তির জেনে রাখা উচিত দেশের সংবিধানে ভোট দেওয়াও যেমন মানুষের অধিকার, তেমনি ভোট না দেওয়াও মানুষের মৌলিক অধিকার। ভোট দেওয়ার জন্য কাউকে বাধ্য করা যাবে না। কিন্তু প্রতিটি জনপদে নৌকা এবং ডামির প্রার্থীরা ভোট দিতে না গেলে জনগণকে হত্যার হুমকি দিচ্ছেন। তাদের বিরুদ্ধে নীরব এই আনিছুররা। ৭ তারিখে যারা ভোটকেন্দ্রে যাবে না তাদের গায়েবি নাশকতার মামলার ভয় দেখানো হচ্ছে। আনিছুরদের মতো আওয়ামী দলদাসদের বলে রাখি, অবৈধ নির্বাচনকে না বলার অধিকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার।

রিজভী দাবি করেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের ১৯৫ জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আট মামলায় ৭৮৫ জনকে আসামি করা হয়েছে। এসময়ে ২০ জন নেতাকর্মী আহত এবং একজনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেন রিজভী।

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, সিইসিকে সৈয়দ ইবরাহিমের চিঠি

আসছে দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কক্সবাজার-১ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

বুধবার (২৭ ডিসেম্বর) নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বরাবর একটি চিঠি পাঠিয়েছেন তিনি।

চিঠিতে বলা হয়, বাংলাদেশের সংবিধান অনুসারে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

চিঠিতে তিনি আরও বলেন, কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাফর আলম বিগত পাঁচ বছরে চকরিয়া ও পেকুয়া উপজেলাকে তার মদদপুষ্ট অস্ত্রধারী সন্ত্রাসীদের অভয়াশ্রমে পরিণত করেছেন। তিনি সন্ত্রাসীদের রাজনৈতিক দলীয় পদে বসিয়েছেন এবং সাধারণ মানুষকে জিম্মি করে তাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছেন।

সৈয়দ ইবরাহিম উল্লেখ করেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাফর আলমকে ভোট দেয়ার জন্য তার মদদপুষ্ট জনপ্রতিনিধি (ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান) ও দলীয় রাজনৈতিক পদধারী সন্ত্রাসীদের মাধ্যমে আমার কর্মী ও সমর্থকদের নিয়মিত ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করছে। এসব সন্ত্রাসীরাই আবার আমার ও দলের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং অভিযোগ করছে।

এতে আমার ও আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। জনপ্রতিনিধি নামধারী অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্ত হবে।

চিঠির সঙ্গে সৈয়দ ইবরাহিম উল্লিখিত সন্ত্রাসীদের একটি তালিকা সংযুক্ত করেন। সেইসাথে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সিইসিকে বিশেষভাবে অনুরোধ জানান।

নির্বাচন সাজানো-পাতানো, ইইউকে ‌তথ্যপ্রমাণ দিয়েছে বিএনপি

আগামী বছরের শুরুতে অর্থাৎ ৭ জানুয়ারি যে ভোট হতে যাচ্ছে তাকে সাজানো ও পাতানো নির্বাচন বলে উল্লেখ করেছে বিএনপি। দলটি বলছে, ওই দিন কোনো নির্বাচন হচ্ছে না, যা হচ্ছে সেটা কেবলই নাটক।

বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে আজ বুধবার ভার্চ্যুয়াল বৈঠকে বিএনপির একটি প্রতিনিধি দল এ কথা জানান।

বৈঠক সূত্র বলছে, তাঁরা ইইউকে এই দাবির স্বপক্ষে বেশ কিছু তথ্যপ্রমাণ দিয়েছেন। বৈঠকে বিএনপির ছয় নেতা ছিলেন বলে জানা গেছে।

বিএনপি ইইউকে বলেছে, এই নির্বাচনে প্রধান প্রধান বিরোধী দলগুলো অংশ নিচ্ছে না। এখানে মূলত আওয়ামী লীগ, তাদের স্বতন্ত্র প্রার্থী ও ডামি প্রার্থীরা অংশ নিচ্ছেন। পাশাপাশি কয়েকটি দল সরকারের সঙ্গে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নিচ্ছেন।

বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। এ ছাড়া স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। অন্যদিকে ইইউ প্রতিনিধিদলে ছিলেন রেবেকা কক্স ও শার্লোট সুয়েবেস।

প্রসঙ্গত, ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির এটি দ্বিতীয় বৈঠক।

বাংলাদেশের পাতানো নির্বাচনের মদদদাতা ভারত : রিজভী

রিজভী

বাংলাদেশে ‘একরতফা পাতানো’ নির্বাচনে ভারত মদদদাতা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিএনপিসহ সব দলকে বাদ দিয়ে ৭ জানুয়ারির পাতানো নির্বাচনের অন্যতম মদদদাতা হিসাবে পার্শ্ববর্তী দেশের নাম সর্বজনবিদিত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাংলাদেশে এসে একদলীয় নির্বাচনের পক্ষে সাফাই গাইছেন। ভারতীয় কূটনীতিকরা বাংলাদেশে এসে বলেছেন, তারা শেখ হাসিনার নেতৃত্বে স্থিতিশীলতা চান। বাংলাদেশের গণতন্ত্র-মানুষের অধিকার চান না। এখন তাদের থলের বিড়াল বেরোতে শুরু করেছে। সেজন্য ভারত মনোনীত প্রার্থীরা বীরদর্পে বলছেন, ‘আমাকে ভারত মনোনয়ন দিয়েছে। আমি ভারতের প্রার্থী। আমি এখানে হারার জন্য আসিনি।’

মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মেহেরপুর-১ আসনের সাবেক দুই মেয়াদের অটোপাশ সংসদ-সদস্য প্রফেসর আব্দুল মান্নান বলেছেন, তিনি ভারতের প্রার্থী। এখানে হারার জন্য আসেননি।’ তাহলে বাংলাদেশ কি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ? তলে তলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব কি বিকিয়ে দেওয়া হয়েছে? ভারত এখন তাদের এ দেশীয় অনুচরদের নমিনেশনও দিচ্ছে? প্রফেসর আব্দুল মান্নানের এই বক্তব্য চরম রাষ্ট্রদ্রোহিতা। অথচ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা প্রতিবাদেরও সাহস পায় না সরকার বা নির্বাচন কমিশন। সরকার স্বীকার করে নিয়েছে ভারত তাদের অনুগত বহুসংখ্যককে মনোনয়ন দিয়েছে।’

রিজভী বলেন, ‘আমরা জানতে চাই প্রফেসর আব্দুল মান্নানের মতো আর কে কে ভারতের প্রার্থী তার তালিকা প্রকাশ করা হোক। দেশের জনগণের প্রতি আমাদের আহ্বান গণতন্ত্র হত্যার জন্য ভারতের প্রার্থীদের বিজয়ী করার এই পাতানো নির্বাচনে কেউ ভোট দেবেন না। দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে না চাইলে ভোট বর্জন করুন। তারা (আওয়ামী লীগ) নির্বাচিত হলে দেশকে ভারতের হাতে তুলে দেওয়াটা অসম্ভব কিছু নয়।’

তিনি আরও বলেন, ‘আগামী ৭ জানুয়ারি একদলীয় ডামি নির্বাচন ঘিরে একদিকে চলছে রীতিমতো রঙ-তামাশা। অন্যদিকে নৌকা-ডামির কামড়াকামড়ি, গোলাগুলি, খুনোখুনি, সংঘাত-সহিংসতায় জনপদগুলো বসবাস অযোগ্য হয়ে পড়েছে। সাধারণ মানুষকে জোর করে মিছিলে যেতে বাধ্য করা হচ্ছে। এলাকাছাড়া করার ভয় দেখানো হচ্ছে। আর নৌকার প্রচার মাইকের আওয়াজ শুনলেই লোকজন সেখান থেকে পালিয়ে যাচ্ছে। ভোটের উৎসবের বদলে আতঙ্ক আর উৎকণ্ঠা সর্বত্রই। ত্রাসের রাজত্ব কায়েম করেছে সর্বত্রই।

রুহুল কবির রিজভী বলেন, ‘বিরোধী দলহীন পূর্বনির্ধারিত ফলাফলের এই নির্বাচনে ভোটারদের ন্যূনতম আগ্রহ না থাকলেও গণতান্ত্রিক বিশ্বকে তথাকথিত ভোটের উৎসব দেখানোর জন্য অত্যাচার ও নিপীড়ন থেকে তাদের রেহাই নেই। তারা দেশটাকে যুদ্ধাবস্থায় নিয়ে যেতে চায়। সারা দেশে এখন আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। পুরো রাষ্ট্রযন্ত্রকে নামানো হয়েছে আমি আর ডামির ভোটরঙ্গে।’

তিনি আরও বলেন, ‘ইসির কাছে নির্বাচন গৌণ। তারা চাচ্ছেন মেরে কেটে হুমকি-ধমকি দিয়ে যে যেভাবে পারে ভোটকেন্দ্রে নাবালক-সাবালক-ভোটার-অভোটার জোগাড় করে লোকারণ্য দেখাও। এটাই গণভবনের নির্দেশ, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উৎসবমুখর নির্বাচনি মডেল। কিন্তু ভোট নাটক যতই করেন কোনো লাভ নেই। সকলই গরল ভেল।’ সংবাদ সম্মেলনে রিজভী জানান, সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সারা দেশে ১৭৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই সময়ে ৪ ৩৬৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

ভোটার উপস্থিতির বিষয়ে ইইউ-কে আশ্বস্ত করলো আ.লীগ

আ.লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি কেমন হবে, তা জানতে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর পরিপ্রেক্ষিতে নির্বাচনে ভোটারদের উৎসাহ-উদ্দীপনার বিষয়টি তুলে ধরে আওয়ামী লীগ আশ্বস্ত করেছে যে, কেন্দ্রে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক হবে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয়ে ইইউ’র প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘আমরা একটা কথা বলেছি যে, নির্বাচনের টার্নআউট সন্তোষজনক হবে। এ নির্বাচনে মানুষের আগ্রহ আছে।’

‘সারা বাংলাদেশে ভোটারদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা লক্ষ করা যাচ্ছে, তাতে টার্নআউট নিয়ে আমাদের উদ্বেগের কোনো কারণ নেই। পাঁচ বছর পর পর নির্বাচন করা সাংবিধানিক বাধ্যবাধকতা।’

বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে জানাতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কেমন হবে, কতটুকু সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে, এ ব্যাপারে সরকারের যে প্রস্তুতি, আওয়ামী লীগের প্রস্তুতি প্রভৃতি নিয়ে কথা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে আলোচনা হয়েছে। স্বতন্ত্ররা শুধু দলেরই, নাকি অন্য দলের আছে, সেটিও তারা জানতে চেয়েছেন।

‘এছাড়া নির্বাচনের ফলাফল, এটা কি সবাই মেনে নেবে, আইনশৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত, নির্বাচনবিরোধীদের অবস্থা কী, তারা মেজর কোনো প্রবলেম করতে পারবেন কি না, সেসব নিয়ে অনেক কথা হয়েছে।‘

স্বতন্ত্র প্রার্থীরা শুধু কি আওয়ামী লীগের, নাকি অন্য দলেরও আছে, ইউরোপীয় ইউনিয়নের আগ্রহের এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাইরের লোকও স্বতন্ত্র নির্বাচন করছে। অনেকে বিএনপি থেকে এসেও স্বতন্ত্র নির্বাচন করছে। বেশিরভাগ আওয়ামী লীগের, তবে সব স্বতন্ত্র আওয়ামী লীগের না।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল কে হবে সেটিও জানতে চেয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘তারা আওয়ামী লীগের প্রতিনিধিদলের বক্তব্য শুনেছেন। বাংলাদেশের বাস্তবতায় এই নির্বাচনটা সাংবিধানিক বাধ্যবাধকতা, বিষয়টি আলোচনায় এসেছে। এখানে ২৭টি মতো দল অংশগ্রহণ করেছে, ১ হাজার ৮৯৬ জন প্রতিযোগিতা করছে। এসব বিষয় তারা পজিটিভলি নিয়েছে। তারা একটা বিষয় জানতে চেয়েছে, বিরোধী দল কী হবে?’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের ফলাফল বলে দেবে, বিরোধী দল কে হবে।’

তিনি বলেন, তারা আসলে বলার চেয়ে আমাদের কথা বেশি শুনতে আগ্রহী ছিল। মন্তব্যের ব্যাপারটা তারা ওইভাবে করতে চাননি। আমরা আমাদের বক্তব্য বলেছি। নির্বাচনে আমাদের প্রস্তুতি, বিএনপি আসলো না কেন? একটা বহু আগের জানা কথা, খুব বেশি আলোচনার নয়, তারাও জানেন।

নির্বাচনে কোনো ধরনের সহিংসতা হতে পারে কি না, ইউরোপীয় ইউনিয়নের এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘তারা ভায়োলেন্সের বিষয়ে কথা বলছে। বিএনপিতে ভায়োলেন্স করছে। শান্তিপূর্ণ নির্বাচনকে তারা ভায়োলেন্ট করতে চাচ্ছে।’

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে খোমেনি স্টাইলে একটা বিপ্লব হবে, যেটাকে রাইড করে নেতা আসবেন বাংলাদেশে, এরকম দুঃস্বপ্ন দেখছে বিএনপি। রিমোট কন্ট্রোল লিডারের বাস্তবতা ও আন্দোলনের সঙ্গে সম্পর্ক নেই। মোকাবিলা করো এসে। সৎ সাহস থাকলে রাজপথে আসেন। বিদেশে বসে কেন?

বাংলাদেশের নির্বাচনের চেয়ে ইউক্রেন, গাজা, ইসরায়েল, ফিলিস্তিনি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের মাথাব্যথা, এ দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের এখন মাথাব্যথা ইউক্রেন নিয়ে। মাথাব্যথাটা গাজা, ইসরায়েল, ফিলিস্তিন— এসব প্রসঙ্গ বিশ্ব রাজনীতিতে প্রকট। তারা বেশি মাথা ঘামাচ্ছেন ওসব নিয়ে।

‘তিন দিন আগে কঙ্গোতে একটা নির্বাচন হয়ে গেল। অনিয়ম, ইন্টারনেট বন্ধ, কারো সাথে কারো যোগাযোগ নেই। আবার কয়দিন পরে দেখব, ডেমোক্রেসি কনফারেন্স, সেখানে একটা ডেস্ক থাকবে কঙ্গোর জন্য, যেখানে ইলেকশনে এত অনিয়ম। কিন্তু আমরা ডেমোক্রেসি হতে পারলাম না।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট...

সর্বাধিক পঠিত...