
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের দায়িত্ব পালনে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির কারণে দেশি-বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মাল্টিপারপাস হলে ঢাকা জেলা জামায়াত আয়োজিত সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেন অন্যদের দায়িত্ব পালনের চেষ্টা না করে নিজের মন্ত্রণালয়ের কাজে মনোযোগ দেন।
তিনি বলেন, ‘উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) সব বিষয়ে এক্সপার্ট, কিন্তু ওনার নিজের মন্ত্রণালয়ের ওপর উনি এক্সপার্ট নন কেন? যার যার মন্ত্রণালয়ের দায়িত্ব, তাদের পালন করার সুযোগ দিন। মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব আপনার পালন করার দরকার নেই। ওনাকে দায়িত্ব পালন করতে দিন। আপনি আপনার মন্ত্রণালয়ে অ্যাটেনশন দিন। জাতিকে শান্তিতে থাকতে দিন।’
দেশে ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির কারণে দেশি-বিদেশি বিনিয়োগ ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সম্প্রতি এক সাবেক হুইপের বক্তব্যের প্রসঙ্গ টেনে চাঁদাবাজিকে স্বাভাবিক হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
তার ভাষায়, ‘আগের দিন এক হুইপকে বলতে দেখেছেন, যেকোনো দেশ থেকেই যে-ই আসুক, বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। এ ধরনের বক্তব্যের মাধ্যমে চাঁদাবাজিকে জাতীয়করণ করা হলো কি না, তা আল্লাহই জানেন।’
চাঁদাবাজি বন্ধে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। তিনি বলেন, সদিচ্ছা থাকলে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব, আর সদিচ্ছা না থাকলে তা কোনোভাবেই বন্ধ হবে না।
আন্তর্জাতিক প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের গণ-অভ্যুত্থানের চেতনা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। তবে অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে জামায়াত বিশ্বাস করে না।
তিনি বলেন, প্রতিটি দেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। একইভাবে অন্য কোনো দেশও যেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে।
সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের শান্তি বিঘ্নিত হলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না।’











































