
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজন ঘিরে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন সংগীতশিল্পী তাসরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি শিক্ষার্থীদের দুর্ভোগের কথা তুলে ধরে সরকারের সমালোচনা করেন এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানান।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তাসরিফ খান লেখেন, ‘শিক্ষার্থীদের জোর করে চাপ দিয়ে পরীক্ষা টা যে নিলেন, ছাত্রছাত্রীদের চাপ টা নিতে পারবেন তো?’
তিনি বলেন, এইচএসসি পরীক্ষা এমনিতেই একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে চাপের পরীক্ষাগুলোর একটি। এর মধ্যে বৈরী আবহাওয়ায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পরীক্ষার্থীদের দুর্ভোগ আরও বাড়িয়েছে।
স্ট্যাটাসে তিনি প্রশ্ন তোলেন, ‘এই একটা বা দুইটা পরীক্ষার দিন পিছিয়ে দিলে কী এমন ক্ষতি হয়ে যেত? এই বৈরী আবহাওয়ায় যারা ভিজে ভিজে, রাস্তায় জমে থাকা দূষিত পানি মাড়িয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে গেছে, তাদের সাফারিংস আর ট্রমা বোঝেন? ভেজা শরীরে পরীক্ষা দিয়ে কত শিক্ষার্থীর জ্বর আসছে, তাদের আবেগ-অনুভূতি বোঝেন?’
সরকারের উদ্দেশে তিনি আরও লেখেন, ‘এত কিছু সাফার করে তারা আপনাকে খুশিতে চুমু খেতে চাইবে, নাকি আপনার পদত্যাগ চাইবে?’
তাসরিফ খান আরও বলেন, শিক্ষার্থীরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নামলেই কেন তাদের বিভিন্ন ধরনের তকমার মুখে পড়তে হয়, সেটিও ভাবার বিষয়। তিনি ভুল হলে তা স্বীকার করার মানসিকতা দেখানোর আহ্বান জানান।
স্ট্যাটাসের শেষাংশে শিল্পী লেখেন, ‘সময় থাকতে শিক্ষার্থীদের মানসিকতা এবং আবেগ বোঝার চেষ্টা করেন। চেয়ারে বসে গেলে লজ্জা-শরম কমে যায়, আমরা জানি। সুতরাং পদত্যাগ করেন আর না-ই করেন, শিক্ষার্থীদের সর্বোচ্চ ভালোর জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার, দ্রুততার সঙ্গে গ্রহণ করেন। ছাত্রছাত্রীদের যে কোনো যৌক্তিক দাবির সঙ্গে ছিলাম, আছি এবং অবশ্যই থাকব।’
এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে তারা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আবারও সায়েন্সল্যাবে ফিরে বিক্ষোভ চালিয়ে যান।
বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে যাত্রা করেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।











































