প্রচ্ছদ জাতীয় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনাকে ‘জামাতি অপকর্ম’ আখ্যা নুরের

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনাকে ‘জামাতি অপকর্ম’ আখ্যা নুরের

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো কালি লেপে দেওয়ার ঘটনাকে ‘সাম্প্রদায়িক জামাতি অপকর্ম’ বলে আখ্যা দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। পাশাপাশি তিনি এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন।

রোববার (১১ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে নুরুল হক নুর বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথের ছবিতে চুনকালির মতো সাম্প্রদায়িক জামাতি অপকর্ম রুখে দাঁড়ান! ৫ আগস্টের পর থেকে জামায়াত-শিবির জুলাইয়ে নাম বিভিন্ন প্ল্যাটফর্ম খুলে এসব মব ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড করাচ্ছে।’

এর আগে দেওয়া আরেকটি পোস্টে প্রশ্ন রেখে তিনি লিখেন, ‘ভারতের বিজেপি, আরএসএস আর বাংলাদেশের জামায়াত-শিবিরের রাজনীতির মধ্যে কোনো পার্থক্য আছে?’

উল্লেখ্য, রাজধানীর সেগুনবাগিচায় শনিবার (১০ অক্টোবর) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো কালি লেপে দেওয়ার ঘটনা ঘটে। ‘ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বাংলাদেশবিরোধী’ আখ্যা দিয়ে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের সভাপতি আ ন ম আয়াসসহ একদল তরুণ-তরুণী এ ঘটনা ঘটান বলে জানা গেছে।

গ্রাফিতিতে কালি দেওয়ার সময় পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এ সময় ঘটনাস্থল থেকে আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমিকে (২৭) আটক করে পুলিশ। পরে রোববার শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গত ৫ অক্টোবর সেগুনবাগিচায় ফুটপাত অবৈধ দখলমুক্ত করা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের অংশ হিসেবে দেয়ালচিত্রগুলো আঁকে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসহ শিল্প-সংস্কৃতি অঙ্গনের ১০ জন গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি স্থান পায়।