
স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পুরোপুরি প্রস্তুত নয় বলে মনে করেন এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব। এ কারণে তিনি অনুরোধ করেছেন, বাহিনীকে প্রস্তুতির সময় দিয়ে যেন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তবে সেই প্রস্তুতির সময় নিলেও আগামী বছরের শুরুর দিকেই স্থানীয় সরকার নির্বাচন করা যাবে বলে আশাবাদী কমিটির সভাপতি।
রোববার জাতীয় সংসদ ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক শেষে ব্রিফিংয়ে আসেন সেলিম রেজা হাবিব। বৈঠকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়কার দেশি-বিদেশি অর্থায়নে নেয়া ‘অপ্রয়োজনীয়’ প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতি তদন্তের সুপারিশ করা হয়। একই সঙ্গে ‘অপ্রয়োজনীয় প্রকল্প’ বাদ দিয়ে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেয়া হয়।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সেলিম রেজা হাবিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন অন্য নির্বাচনের তুলনায় বেশি জটিল ও ঝুঁকিপূর্ণ। এ ধরনের নির্বাচন পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি প্রয়োজন, তা এখনো পুরোপুরি নেই। তিনি বলেন, আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকেই এই নির্বাচন হবে।
স্থানীয় সরকার নির্বাচনে ঝুঁকির কারণ ব্যাখ্যা করে কমিটির সভাপতি বলেন, জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ব্যক্তিগত স্বার্থ ও প্রভাব বিস্তারের চেষ্টা বেশি থাকে। তিনি বলেন, স্থানীয় নির্বাচনে নয়টি ওয়ার্ডের সদস্য, তিনটি সংরক্ষিত নারী আসনের সদস্য এবং চেয়ারম্যান পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি কেন্দ্রে প্রার্থীদের কর্মী-সমর্থকদের উপস্থিতি থাকে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশি তৎপরতা প্রয়োজন পড়ে।
কমিটির সভাপতি জানান, বৈঠকে সরকারি ও বিরোধী দলের সদস্যরা যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা করেছেন।












































