প্রচ্ছদ জাতীয় জামায়াতের বহিষ্কৃত এমপির সদস্য পদ বহাল থাকবে

জামায়াতের বহিষ্কৃত এমপির সদস্য পদ বহাল থাকবে

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তাকে সংসদের কোনো কমিটিতে রাখা হবে না।

সোমবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিরোধীদলীয় নেতার অনুরোধের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করা হলে শুধু সেই কারণে তাঁর সংসদ সদস্য পদ বাতিল হয় না। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সদস্য দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে বা নিজে থেকে দল থেকে পদত্যাগ করলে তাঁর আসন শূন্য হতে পারে।

তিনি বলেন, গাজী নজরুল ইসলাম যেহেতু দলের প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন, তাই তাঁর সংসদ সদস্য পদ বহাল থাকবে। রাষ্ট্রপতি নির্বাচনের সময় তাঁর অনুপস্থিতির বিষয়টি নিয়ে বিরোধীদলীয় নেতা যদি ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদে কোনো চিঠি না দেন, তাহলে তাঁর আসন শূন্য করার সুযোগ নেই।

তবে বিরোধীদলীয় নেতার সম্মানের কথা বিবেচনা করে গাজী নজরুল ইসলামকে সংসদের সংশ্লিষ্ট কমিটি থেকে বাদ দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, বিরোধীদলীয় নেতা চাইলে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়া বা ভোটদানে বিরত থাকার বিষয়টি উল্লেখ করে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী ওই সংসদ সদস্যের আসন শূন্য করার জন্য সংসদে চিঠি দিতে পারেন। তিনি এমন চিঠি না দিলে সংসদ সদস্য পদ বাতিলের কোনো সুযোগ নেই।

এরপর বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেওয়ার কথা বলা হয়েছে। তবে ভোটদানে বিরত থাকার বিষয়টি সেখানে নেই বলে তিনি মনে করেন। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া ব্যাখ্যা এ ক্ষেত্রে প্রযোজ্য নয়।

তবে গাজী নজরুল ইসলামের বিষয়ে তিনি যে নৈতিক অবস্থান নিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সেটিকে সমর্থন করায় তাঁকে ধন্যবাদ জানান শফিকুর রহমান।