শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

জামায়াতের কর্মসূচি বাড়ল

হেড লাইন: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বানে গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি আরও দুই দিন বাড়িয়েছে জামায়াত। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

এটিএম মা’ছুম বলেন, বর্তমান সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ঘোষিত প্রহসনের নির্বাচনের তপশিল প্রত্যাখ্যান করে জনগণ নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছে। সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য বিরোধী রাজনৈতিক দল ব্যতিরেকে নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। জনগণ এ নির্বাচন মেনে নেবে না। আমি জামায়াতের পক্ষ থেকে ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।

টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর দেশব্যাপী সর্বস্তরের জনগণের নিকট সর্বাত্মক গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালনের আহ্বান জানান। এর আগে, গত রোববার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর দেশব্যাপী সর্বস্তরের জনগণের নিকট সর্বাত্মক গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালনের ঘোষণা দেয়।

মোবাইল ফোন চাওয়ায় স্বামীর চোখে ছুরি মারলেন স্ত্রী

আর্ন্তজাতিক: ইউটিউবে গান শোনার জন্য স্ত্রীর কাছে মোবাইল চেয়েছিলেন স্বামী। কিন্তু স্বামীর এ আবেদনে রাগান্বিত হয়ে তার চোখে ছুরি দিয়ে আঘাত করেছেন স্ত্রী। ভারতের উত্তর প্রদেশে এ ঘটনা ঘটে। পুলিশের কর্মকর্তা শবীরত্ন গৌতম জানিয়েছেন, অঙ্কিত তার স্ত্রী প্রিয়াঙ্কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।

তিনি আরও বলেন, অঙ্কিত তার স্ত্রী পিয়াঙ্কার কাছে ইউটিউবে গান শোনার জন্য মোবাইল ফোন চায়। কিন্তু স্ত্রী স্বামীর আবেদনে সাড়া না দিয়ে তার মোবাইলেই গান শোনার কথা বলেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে প্রিয়াঙ্কা অঙ্কিতের চোখে ছুরি দিয়ে আঘাত করে।

এ ঘটনার পর অঙ্কিতের পরিবার তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। স্থানীয় থানার ইনচার্জ জানিয়েছে, ঘটনার তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

বিষয়টা এখন অতিরিক্ত হয়ে গেল : পূর্ণিমা

মিডিয়া: সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে শোবিজ তারকাদের কম ঝামেলা পোহাতে হয় না। কিছুদিন পর পরই শোনা যায় আইডি হ্যাক কিংবা তারকার নাম-পরিচয় ব্যবহার করে প্রতারণার ফাঁদ সৃষ্টি করে একদল কুচক্রী মহল।

এবার তেমনই এক পরিস্থিতির শিকার হয়েছেন নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নায়িকার ছবি সম্বলিত ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল-মিসডকল আসছে। সেই কল ব্যাক করলে প্রতারণার ফাঁদে পড়ছেন অনেকেই। আর এ বিষয়ে সবাইকে সতর্ক করেছেন পূর্ণিমা নিজেই।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নিজের ফেসবুকে ঘটনার বিস্তারিত জানিয়ে কয়েকটি স্ক্রিনশট শেয়ার করে এই নায়িকা লিখেছেন, বিষয়টা এখন অতিরিক্ত হয়ে গেল। আপনারা যারা আমাকে চেনেন এবং জানেন বিভ্রান্ত না হয়ে এই সব নম্বর থেকে ফোন করলে ব্লক করে দিবেন। আমার একটাই মোবাইল নাম্বার আর আমি প্রয়োজন ছাড়া কাউকে বিরক্ত করি না মিসডকল তো দেই না।

তিনি বলেন, কোনো একটা চক্র বিভিন্ন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে আপনাদের ফোন করছে অথবা মিসডকল দিচ্ছে। সেই কাজ আমি করছি না ,সবার কাছে অনুরোধ করে বলছি এই রকম কোনো নাম্বার থেকে কল বা ম্যাসেজ আসলে ইগনোর করবেন।

আইন পড়তে কলেজে ভর্তি হলেন আলোচিত ডাক্তার সাবরিনা

আজকের সেরা সংবাদ : আইনজীবী হতে এবার ল’ কলেজে ভর্তি হয়েছেন করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার ঘটনায় আলোচিত ডা. সাবরিনা শারমিন হোসেন। তিনি বর্তমানে ল’ কলেজের প্রথমবর্ষের ছাত্রী। আইনজীবী হয়ে তিনি আইন বিষয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চান।

শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে সাবরিনার কলেজের একটি অনুষ্ঠান ছিল। সেখানে তিনি তার সহপাঠীদের নিয়ে দারুণ সময় উপভোগ করেছেন। ওই অনুষ্ঠান থেকে এক ভিডিও বার্তায় ল’ কলেজে ভর্তি হওয়ার বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। তবে তিনি ঠিক কোন কলেজে ভর্তি হয়েছেন, সে বিষয়টি স্পষ্ট করেননি।

ডাক্তার সাবরিনা তার ল’ কলেজের সহপাঠীদের সঙ্গে কাটানো মুহূর্তের একটি ভিডিওতে বলেন, একটা সময় আমি ভাবতাম, মানুষের জীবনটা বেশি জরুরি। তখন আমি মেডিকেলে পড়েছিলাম। কিন্তু একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আজ আমার মনে হয়, কোনো কোনো ক্ষেত্রে জীবনের চাইতে মানুষের মান-সম্মানটা অনেক বেশি জরুরি।

তিনি বলেন, ‘‘এখন আমি ল’ পড়ছি। আমি এলএলবি ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরা।’’ তার পাশে বসে থাকা সহপাঠীদের দেখিয়ে ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘আমার সাথে উনারা সবাই আমার সহপাঠী। আমরা সবাই মিলে আমাদের ল’ কলেজের একটা অনুষ্ঠানে এসেছি। এখানে আইনজীবীরাও আছেন, স্টুডেন্টরাও রয়েছেন।’’

আইনজীবী হয়ে নিজের স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, এলএলবি পাস করার পর বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে আমার আইনজীবী হওয়ার ইচ্ছা। আইনজীবী হয়ে এমন মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা—যারা আইন সম্পর্কে নিতান্তই কম বোঝেন। যারা বিনা অপরাধে দিনের পর দিন জেল খাটছেন।

চলতি বছরের গত ১৬ জুন এক হাজার ৬৯ দিন (প্রায় ৩ বছর) পর কারাগার থেকে মুক্তি পান করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় দণ্ডিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা শারমিন হোসেন। তিনি গ্রেপ্তার হন ২০২০ সালের ১২ জুলাই।

এর আগে ২০২২ সালের ১৯ জুলাই সাবরিনা শারমিন এবং প্রতিষ্ঠানটির সিইও আরিফুল চৌধুরীসহ আটজনকে তিনটি পৃথক অভিযোগে ১১ বছর করে কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন।

২০২০ সালের ১২ জুলাই সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেন জেকেজির প্রতারণা মামলার তদন্ত কর্মকর্তা, ডিসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে তিনি সদুত্তর দিতে না পারায় তাকে তেজগাঁও থানায় আগেই আরিফুলের বিরুদ্ধে হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ বাংলাদেশির পরিচয় মিলেছে

সৌদি আরবের জিয়ান অঞ্চলে এক ভারতীয় নাগরিককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি কর্মীর পরিচয় নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে একজন যশোরের মোফাজ্জল এবং অন্যজন ফরিদপুরের মোহাম্মদ সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মুখপাত্র সেহেলী সাবরীন।

মুখপাত্র জানান, সৌদি আরবের জিযান অঞ্চলে একজন ভারতীয় নাগরিককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন বাংলাদেশি কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করার তথ্য জানা যায়। ওই দুইজন ব্যক্তি হলেন- যশোরের সদরের বনিয়াবহু গ্রামের মজুন আলীর ছেলে মোফাজ্জল ও ফরিদপুর সদরের নর সিংহদিয়া গ্রামের মোহাম্মদ জালাল বেপারির ছেলে মোহাম্মদ সিরাজুল ইসলাম।

সেহলেী সাবরীন জানান, অর্থ নিয়ে বিরোধের জের ধরে একজন ভারতীয় নাগরিককে হত্যা করে লাশ দাফনের অভিযোগে ওই দুই ব্যক্তিকে আটক করা হয় মর্মে জানা যায়। বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল, জেদ্দা বিষয়টি নিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।

‘যে পুলিশ কথা শুনবে না, তাঁকে থানায় রাখব না’, আ.লীগ নেতার বক্তব্য ভাইরাল

অপরাধ: ‘পুলিশ আপনাদের। যে পুলিশ হালায় কথা শুনবে না, সেই পুলিশ হালাকে থানায় রাখব না, পরিস্কার ভাষা।’ মাদারীপুর-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের পক্ষে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান সেলিমের দেওয়া এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ভোটার ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এই ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। জানা যায়, বুধবার (২৭ ডিসেম্বর) রাতে জেলার সাহেবরামপুর ইউনিয়নের হাকিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মাদারীপুর-৩ আসনের নৌকা প্রার্থী আবদুস সোবহান গোলাপ মিয়ার এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাহেবরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নৌকা প্রতীকের কর্মী কামরুল হাসান সেলিম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কামরুল হাসান সেলিমের বক্তব্যে তিনি বলেন, “আমরা হলাম ড.আবদুস সোবহান গোলাপের কর্মী, আওয়ামী লীগের কর্মী। আমাদের দিকে চোখ তুলে তাকালে চোখটা খুলে ফেলতে হবে। আবার কেউ যদি বলে পা ভেঙ্গে ফেলবে, তাহলে আমাকে ফোন দিবেন, চর্তুদিক দিয়ে বল্লার মতো এসে ধরে ওকে শেষ করে দেয়া হবে, কোন ছাড় হবে না। আপনারা পারবেন না? ভয় লাগে? আওয়ামী লীগ ক্ষমতায়। পুলিশ আপনাদের। যে পুলিশ হালায় কথা শুনবে না সেই পুলিশ হালাকে থানায় রাখব না, পরিস্কার ভাষা।”

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সোহেল রানা বলেন, প্রতীক বরাদ্দের পর থেকেই নৌকা প্রার্থী এবং তার কর্মী ও সমর্থকরা নির্বাচনে প্রভাব বিস্তার করে আসছে। বিভিন্ন সভা-উঠান বৈঠকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীতিকর বক্তব্য প্রদানের মাধ্যমে ভোটারদের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি ও নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে।

তিনি আরও বলেন, কামরুল হাসান সেলিমের উক্ত ভীতিকর, উস্কানীমূলক এবং পুলিশ বাহিনীকে হেয় প্রতিপন্ন, অশালীন বক্তব্যের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং যথাযথ আইনগত ব্যবস্থার দাবি জানাচ্ছি। এ বিষয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান সোহেল রানা।

এদিকে বক্তব্যের বিষয়টি স্বীকার করে আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান সেলিম বলেন, অন্যভাবে বক্তব্য দিতে চেয়েছিলাম। তবে মিসটিক হয়ে গেছে। একজন সচেতন নাগরিক হিসেবে আমি এমন কথা বলতে পারিনা। গতকাল থেকেই বিষয়টি নিয়ে আমি অনুতপ্ত। এর জন্য দুঃখপ্রকাশ করছি।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, অভিযোগ পেয়েছি, উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

ফেঁসে যাচ্ছে ইসলামী ব্যাংক

নির্ধারিত দরের চেয়ে ফরেন এক্সচেঞ্জ হাউস থেকে বেশি দামে ডলার কেনায় ইসলামী ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

মূলত, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ডলারের বিনিময় হার নির্ধারণ করে। সবশেষ চলতি ডিসেম্বরে মার্কিন মুদ্রার মূল্য ধার্য করে বাফেদা ও এবিবি।

দায়িত্বশীল দুই সংস্থার ঘোষিত দাম অনুসারে, রপ্তানিকারক ও প্রবাসীদের কাছ থেকে ১০৯ টাকা ৭৫ পয়সায় ডলার কিনতে পারবে দেশে কার্যরত সব তফশিলি ব্যাংক। সেই সঙ্গে আমদানিকারকদের কাছে ১১০ টাকা ২৫ পয়সায় বিক্রি করতে পারবে তারা।

ইসলামী ব্যাংকের এমডির কাছে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আপনার ব্যাংক অ্যাসোসিয়েশন ঘোষিত হারের চেয়ে বেশি দামে বৈদেশিক মুদ্রা কিনছে। এ নিয়ে ব্যাংকের হেড অব ট্রেজারির সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছে। উনি জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে কিছু বৈদেশিক মুদ্রা বেশি দামে কেনা হয়েছে।

এতে বলা হয়, ইসলামী ব্যাংকের ট্রেজারি প্রধানকে এই ধরনের বাজারবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। পরিপ্রেক্ষিতে কী উদ্যোগ নেয়া হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তা জানাননি তিনি। বরং এখনও বেশি দামে ডলার কিনছে ব্যাংকটি।

উল্লেখ্য, গত ১ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে ইসলামী ব্যাংকের মাধ্যমে ৫৮২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ব্যাংকিং খাতে যা সর্বোচ্চ।

করোনায় মারা গেলেন রাজনীতিবিদ

বছরের শেষ প্রান্তে শেষে চলতি বছর হারিয়ে যাওয়া সব তারকাদের নিয়ে একত্রে যখন সংবাদের শিরোনাম করা হচ্ছে, সেই সময়ও থেমে নেই মৃত্যু। গত ১৭ ডিসেম্বর মৃত্যু হয় উপমহাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী অনুপ ঘোষালের। এর ক’দিন পরই গত ২২ ডিসেম্বর মারা যান অভিনেতা কিংশুক গঙ্গোপাধ্যায়। এবার মারা গেলেন রাজনীতিবিদ ও জনপ্রিয় অভিনেতা বিজয়কান্ত।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এই তারকার মৃত্যুর খবর উঠে আসে সংবাদমাধ্যমে। ভারতীয় একটি সংবাদমাধ্যম বলছে, এদিন চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে দক্ষিণী এই অভিনেতার।

অন্য একটি সংবাদমাধ্যম বলছে, অভিনেতা কিছুদিন আগেই মহামারি করোনাভাইরাসে শনাক্ত হয়েছিলেন। এ জন্য চিকিৎসাও চলছিল তার। এ অবস্থায় নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট হাসপাতাল। এর আগে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

এ অভিনেতা ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে পরিচিত ছিলেন ‘ক্যাপ্টেন’ নামে। তিনি এর আগে গত নভেম্বরেও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভর্তি হয়েছিলেন হাসপাতালে। ওই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাকে। কিন্তু এবার করোনাভাইরাস এবং নিউমোনিয়ার কাছে পরাজিত হলেন এই তারকা।

বিজয়কান্তের জনপ্রিয়তা ছিল ব্যাপক। নব্বই দশকের শুরুর দিকে তামিলনাড়ুর ইন্ডাস্ট্রির বিজয়কান্তের সঙ্গে তাকে তুলনা করেছিলেন সাবেক মুখ্যমন্ত্রী এডিএমকে প্রতিষ্ঠাতা এম জি রামচন্দ্রণের। তার নাম দেয়া হয়েছিল ‘শ্যামলা এমজিআর’। বিজয়কান্ত ১৫৪টি সিনেমায় অভিনয় করেছেন।

ইন্ডাস্ট্রির বাইরে বিজয়কান্ত রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। রাজনীতিতে বেশ উজ্জ্বল ক্যারিয়ার ছিল। মৃত্যুর পর ডিএমডিকে (Desiya Murpokku Dravida Kazgam) অফিসে নেয়া হবে তার দেহ। ডিএমকে এবং এডিএমকে-র দ্বৈরথের মধ্যে সফলভাবে মেলবন্ধন তৈরি করতে পেরেছিলেন তিনি।

২০০৫ সালে নতুন দল ডিএমডিকে গড়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন বিজয়কান্ত। ২০১১ সালে এডিএমকে নেত্রীয় জয়ললিতার হাত ধরে ২৯টি আসনে জয় পায় বিজয়কান্তের ডিএমডিকে। এরপর জয়ললিতার সঙ্গে জোট ভাঙায় বিধানসভায় বিরোধী দলনেতা হন অভিনেতা। গুঞ্জন রয়েছে―উপ-মুখ্যমন্ত্রিত্ব দিতে রাজি না হওয়ার কারণে জোট ভেঙেছিলেন বিজয়কান্ত।

নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

জাতীয়: এক দফা আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার দুই দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘নির্বাচন বর্জন এবং আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের সমর্থনে আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি পালন করা হবে।’

এদিকে, বিএনপির পূর্বঘোষিত তিন দিনের কর্মসূচির শেষ দিন বলেও জানান রুহুল কবির রিজভী। গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে চার দফা হরতাল এবং ১৩ দফায় অবরোধ পালন করেছে বিএনপি।

এমন নির্বাচন হবে যা দেখে দুনিয়ার সবাই শিখবে: পররাষ্ট্রমন্ত্রী

আজকের সেরা সংবাদ : বাংলাদেশে ভুয়া ভোট হবে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য শক্তিশালী নির্বাচন কমিশন কাজ করছে। এমন নির্বাচন হবে যা দেখে দুনিয়ার সবাই শিখবে।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে সিলেটে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দলকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশ্বস্ত করে এসব কথা বলেন তিনি।

ইইউর বিশেষজ্ঞ দলে ছিলেন আইন ও মানবাধিকার বিশেষজ্ঞ রেবেকা কক্স ও মিডিয়া/সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ শার্লট সুইব।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের বিশেষজ্ঞ দল নির্বাচন নিয়ে নানা প্রশ্ন করেছেন কিন্তু কোনো মতামত ব্যক্ত করেননি।

তিনি বলেন, বিদেশিরা বাংলাদেশের কাছে অনেক কিছু বিক্রি করতে চায়– কিন্তু বাংলাদেশ তার জনগণের যা দরকার তাই নেয়; প্রয়োজন না হলে কিছু কেনে না। তাই কিছু দেশ অসন্তুষ্ট হয়ে নানান অভিযোগ তোলে।

বিএনপির নেতাকর্মী গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, তাদের দলের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়নি, যারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত তাদেরকেই আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। আমরা সন্ত্রাস সহ্য করতে পারি না।

সর্বশেষ আপডেট...

সর্বাধিক পঠিত...