
রাজবাড়ীর পাংশায় জমিসংক্রান্ত বিরোধ ও চাঁদা না দেয়াকে কেন্দ্র করে এক প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রজেক্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় করা অভিযোগের ভিত্তিতে কালাম মন্ডল নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত কালাম মন্ডল পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) রাতে যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামে সিঙ্গাপুরপ্রবাসী মো. আসাদ মন্ডলের মাছের পুকুরে বিষ প্রয়োগ করা হয়। এতে পুকুরের প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ মারা যায় বলে দাবি করেছেন তিনি। এর আগে মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে প্রজেক্টে হামলা চালিয়ে পুকুরের সীমানার ঘের ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী আসাদ মন্ডল জানান, তিনি প্রায় ১৬-১৭ বছর ধরে সিঙ্গাপুরে কাজ করে উপার্জিত অর্থ দিয়ে দুই বিঘা জমির ওপর মাছের প্রজেক্ট গড়ে তোলেন। সম্প্রতি যশাই ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল প্রজেক্টের ভেতরে ১০ শতক জমি নিজেদের কেনা বলে দাবি করেন। এ নিয়ে রাজবাড়ী আদালতে মামলা চলমান রয়েছে।
আসাদের অভিযোগ, জমির বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা বিভিন্ন সময় তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে নানাভাবে হয়রানি করা হয়। তিনি আরও অভিযোগ করেন, মঙ্গলবার সকালে বহিরাগত লোকজন নিয়ে তার প্রজেক্টে হামলা চালিয়ে সীমানার ঘের ভাঙচুর করা হয়। এ সময় পুকুরপাড় থেকে প্রায় ৫০ কাঁদি কলা কেটে নিয়ে যায় হামলাকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে হামলাকারীরা তাকে দেখে নেয়ার হুমকি দেয় এবং ওই রাতেই পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ব্যাপারে পাংশা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে কালাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।











































