প্রচ্ছদ জাতীয় দুঃ’সংবাদ পেলেন বিএনপির দুই নেতা

দুঃ’সংবাদ পেলেন বিএনপির দুই নেতা

দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের পদ স্থগিত করেছে জেলা বিএনপি।

বিএনপির এই দুই প্রভাবশালী নেতার পথ স্থগিতের মধ্য দিয়ে সাংগঠনিকভাবে কঠোর অবস্থানের জানান দিল পটুয়াখালী জেলা বিএনপি।

বুধবার (৭ অক্টোবর) জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়, দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ৭ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে পদ স্থগিত করা হয়েছে, চিঠিতে তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।

এর আগে আদালতে বিচারাধীন জমি বিরোধ নিয়ে দলীয় কার্যালয়ে সালিশের নোটিশ দেওয়ার অভিযোগে মতিউর রহমানকে ৩ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা বিএনপি।

এ ঘটনায় মতিউর রহমান বলেন, দুপক্ষকে বসিয়ে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া তার ভুল ছিল এবং নোটিশের জবাব দিয়েছেন। পদ স্থগিতের সিদ্ধান্তকে তিনি দলের সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে মেনে নেওয়ার কথা জানান।

অন্যদিকে, হাফিজুর রহমানের বিরুদ্ধে সম্প্রতি ১২ বছরের এক শিশু ও তার মাকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা তৈরি হয়। অভিযোগ অস্বীকার করে চুন্নু শিশুটিকে চুরির সঙ্গে জড়িত দাবি করেন।

পদ স্থগিতের বিষয়ে তিনি বলেন, দলের উচ্চপর্যায়ের নেতারা দলের স্বার্থে যে সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে তার কোনো বক্তব্য নেই। তিনি বিএনপির সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন।

সাংগঠনিক শৃঙ্খলা নিশ্চিত ও দলীয় ভাবমূর্তি রক্ষার্থে পটুয়াখালী জেলা বিএনপি কঠোর অবস্থান নিয়েছে উল্লেখ করে সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি যুগান্তরকে বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে পটুয়াখালী জেলা বিএনপি আপসহীন। দলের শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থি কোনো কাজে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে; তাতে সে যত বড় মাপের নেতাই হোক না কেন।