
বরিশালের বাকেরগঞ্জে এক বিবাহিত নারীকে নিয়ে প্রায় সাত মাস ধরে বসবাসের অভিযোগে মসজিদের ইমাম আব্দুল্লাহ তুহিন ও ওই নারীকে আটক করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাদের উদ্ধার করে ওই নারীর পরিবারের কাছে হস্তান্তর করেছে। তবে কোনো পক্ষ লিখিত অভিযোগ না করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার দাড়িয়াল ইউনিয়নের বাংলাবাজার জামে মসজিদের পাশের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
অভিযুক্ত আব্দুল্লাহ তুহিন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আব্দুল কাশেমের ছেলে। তিনি বাংলাবাজার জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে তুহিনের সঙ্গে পাশের গ্রামের ইব্রাহিম হাওলাদারের মেয়ে সাদিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। সাদিয়া বর্তমানে তার শ্বশুরবাড়িতেই বসবাস করছেন।
সাদিয়ার বড় ভাই ইয়াকুব আলীর অভিযোগ, এর আগে মজিদপুর এলাকার একটি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করার সময় তুহিন মসজিদের পাশের বাড়ির বাসিন্দা মৃত কাউসারের বিবাহিত মেয়ে মিম আক্তারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মিম তাঁর স্বামীর সংসার ছেড়ে তুহিনের সঙ্গে চলে যান বলে দাবি করেন তিনি।











































