
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির চাঁদাবাজদের উদ্দেশে বলেছেন, চাঁদাবাজি তাদের মিসকিন করে রেখেছে; এজন্য তারা স্বপ্ন দেখতে পারে না। তারা এর থেকে বড় হতে পারবে না; এটাই তাদের লেভেল।
চাঁদা না দেওয়ায় শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের নতুন সৃজনশীল স্টুডিওতে হামলা, ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে। হামলাকারীরা স্টুডিওতে থাকা মূল্যবান ইলেকট্রনিক যন্ত্রপাতি, শুটিং সরঞ্জাম, কর্মীদের মোবাইল ফোন ও মানিব্যাগ লুট করে নিয়ে যায়।
এ ঘটনার জন্য বিএনপিকে সরাসরি দায়ী করে সালমান বলেন, ‘হুএভার ব্রোক দিস—এই বিএনপির লোকজন যারা করছে এটা—তোমাদের চাঁদাবাজি ক্যান নট টেক অ্যাওয়ে মাই ড্রিম! তোমাদের চাঁদাবাজি তোমাদেরকে এই যে ফকিন্নি, মিসকিন রাখছে এইজন্য বিকজ তোমরা স্বপ্ন দেখতে পারো না। তোমরা যত কিছু চুরি করে ফেলো, চাঁদাবাজি করে ফেলো, তোমরা এর থেকে বড় আর হইতে পারবা না। দিস ইজ ইওর লেভেল।’
লাইভে এসে সালমান মুক্তাদির বলেন, ‘আজকে আমাদের লাস্ট ব্রাউনফিশ স্টুডিওর শুট। একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল। আর এই পুরা অ্যাটাকে আমাদের ফুল স্টুডিও ডেস্ট্রয় হয়ে গেছে।’
তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ব্যঙ্গ করে বলেন, ‘এই ভিডিওটা শুধুমাত্র খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ওনার জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না। দিস ইজ নরমাল ইন বাংলাদেশ। দ্যাটস হোয়াই আই অ্যাম স্মাইলিং।’
তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে যদি আপনি কিছু করতে চান, অ্যান্ড এইটা করার সময় যদি আপনি কারো তোষামোদি না করেন, আপনার যদি কোনো ব্যাকআপ না থাকে, আপনি যদি কোনো পার্টিকে ফলো না করেন, আপনি যদি সিকিউরিটি টাকাপয়সা দিয়ে কিনতে না পারেন—দিস ইজ হোয়াট হ্যাপেনস টু ইউ!’
আর্থিক ক্ষতির বিষয়ে সালমান জানান, আনুমানিক ৩০ থেকে ৪০ জন ক্লায়েন্টের শুটিংয়ের মূল্যবান ফুটেজ ও কাজ স্টুডিওর সিস্টেমে জমা ছিল। সবকিছু খোয়া যাওয়ায় সামগ্রিক ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। তিনি বলেন, আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে একটি মামলা দায়ের করা হবে।
ভিডিওর শেষ ভাগে তিনি আবারও প্রশাসন ও দেশের বাস্তবতাকে কটাক্ষ করে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আপনি এটা নিয়ে একদম টেনশন কইরেন না। আপনার জন্য এই ভিডিওটা না, বাংলাদেশি মানুষের জন্য এই ভিডিও। ইফ ইউ ওয়ান্ট টু স্টে ইন বাংলাদেশ, প্লিজ চাটুকারিতা করে চাঁদাবাজিকে সাপোর্ট করবেন, যাতে এই ধরনের কাহিনি আপনাদের সাথে না হয়। অ্যান্ড সালাহউদ্দিন আহমদ, গ্রেট জব! আই লাভ ইওর ওয়ার্ক। থ্যাংক ইউ সো মাচ। বিএনপি জোস কাজ করছে।’












































