প্রচ্ছদ জাতীয় ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা

ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে টানা প্রায় ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে শহরের খালগুলো পানিতে পূর্ণ হয়ে গেছে, ডুবে গেছে বিভিন্ন সড়ক। অনেক এলাকায় হাঁটুপানিতে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের।

বন্যা ঘোষণা কার্যকর হয়েছে ব্যাংককের ৫০টি জেলাতেই। এর ফলে স্থানীয় সংস্থাগুলো পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ক্ষমতা নিয়ে কাজ করতে পারবে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিতরণের জন্য ১০ লাখ বালুর বস্তা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্কুলে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানিয়েছেন, পরিস্থিতি এখন স্থিতিশীল। তবে বৃষ্টি না হলে পানি পুরোপুরি নামতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।

বৃহস্পতিবার বিকেল থেকে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন গভর্নর। এদিকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

টানা বৃষ্টিতে ব্যাংককের বিস্তৃত খাল নেটওয়ার্কের পানি বেড়ে আশপাশের বাড়িঘর, রেস্তোরাঁ, দোকান ও সরু গলিতে ঢুকে পড়েছে। শনিবার নগরীর বেশ কয়েকটি প্রধান সড়কও পানিতে তলিয়ে যায় বলে জানা যায়।

শহরের বিভিন্ন এলাকায় বাসিন্দাদের হাঁটু, কোথাও কোথাও উরুসমান পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে। এর আগে ২০১১ সালে থাইল্যান্ডজুড়ে ভয়াবহ বন্যায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হন। ওই বন্যায় দেশটির লাখ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।