
পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার করতে নগর ভবনে অভিযান চালানোর ২৪ ঘণ্টা না পেরোতেই বদলি করা হয়েছে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমকে। তাকে চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) বদলি করা হয়।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে আবদুর রহিমকে সিটিএসবিতে বদলির কথা জানানো হয়। একই আদেশে আকবরশাহ ও খুলশী থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজের হোসেনকে আকবরশাহ থানার ওসি করা হয়েছে। আকবরশাহ থানার ওসি মো. কামরুজ্জামানকে বদলি করে খুলশী থানার ওসি করা হয়েছে। আর খুলশী থানার ওসি আবদুর রহিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে।
জানা গেছে, বগা পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামি। তাকে গ্রেপ্তারে এর আগে খুলশী এলাকায় পুলিশ অভিযান চালালে তার অনুসারীরা সড়ক অবরোধ করে পুলিশের ওপর হামলা করেন বলে পুলিশ জানিয়েছে। ওই সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলাতেও বগাকে প্রধান আসামি করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, চাঁদাবাজি, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে বগার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। তিনি চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক।
বগাকে ঘিরে এর আগেও খুলশী থানা-পুলিশের তৎপরতা আলোচনায় আসে। গত ২৭ সেপ্টেম্বর রাতে খুলশী থানার ওয়্যারলেস কলোনির তালতলা এলাকায় হৃদয় নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় আট কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সিনিয়র-জুনিয়র বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহত হৃদয় ফাইভ স্টার গ্যাংয়ের সদস্য ছিলেন এবং গ্রেপ্তার আটজন সেভেন স্টার গ্যাংয়ের সদস্য। বগা ও রকিবুল ইসলাম ওরফে পিচ্চি সেভেন স্টার গ্যাং পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে বিজয়, কামরান ও শান্তর নেতৃত্বে ফাইভ স্টার গ্যাং পরিচালিত হয় বলে পুলিশের দাবি।
এছাড়া মঙ্গলবার চাঁদাবাজি ও ভাঙচুরের একটি মামলায় জালালাবাদ সি বিচ এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে খুলশী থানা-পুলিশ।
আবদুর রহিমকে ঘিরে এর আগে আদালতে একটি মামলাও হয়েছিল। গত ১৩ সেপ্টেম্বর বগার বাবা মো. জাবেদ ঘর ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগে খুলশী থানার ওসি আবদুর রহিমসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
খুলশী থানায় আবদুর রহিম দায়িত্ব নিয়েছিলেন প্রায় এক মাস ১০ দিন আগে। এরমধ্যে বগাকে ঘিরে একাধিক ঘটনায় থানা-পুলিশের তৎপরতা আলোচনায় আসে।










































