প্রচ্ছদ জাতীয় প্রধানমন্ত্রীর গাড়িবহরে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়া যুবক পাঁচ দিনের রিমান্ডে

প্রধানমন্ত্রীর গাড়িবহরে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়া যুবক পাঁচ দিনের রিমান্ডে

প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়েছিলেন মহিবুল্লাহ মুবিন ওরফে মুবিন মাঝি (৩০) নামে এক যুবক। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী ভেদ করে গাড়িবহরের মধ্যে ঢুকে পড়েন মুবিন। একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীর পতাকাশোভিত গাড়ির বাঁ পাশের জানালার কাছে চলে যান। চলন্ত অবস্থায় কালো কাচের জানালার পাশে এসে তাকে হাত উঁচিয়ে সালাম দিতেও দেখা যায়।

মুবিনের এমন আচরণে সন্দেহ হলে পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে তেজগাঁও থানায় নিয়ে যায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

মুবিন বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। তিনি ঢাকায় রাইড শেয়ারিংয়ের কাজ করতেন বলে জানা গেছে।

আটকের পর তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান জানিয়েছিলেন, মুবিনের দেহতল্লাশি করে সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি। তবে গাড়িবহরে ঢুকে পড়ার তার আচরণকে রহস্যজনক বলে উল্লেখ করেন তিনি।

ওসি আরও জানান, বাবুগঞ্জ এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে মুবিনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।