
দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে চলমান সংকট মোকাবিলা এবং বিদ্যুতের মূল্য সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নের জন্য ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।
মধ্যপ্রাচ্যের সংঘাতসহ বৈশ্বিক অস্থির পরিস্থিতির কারণে জ্বালানি খাতে সৃষ্ট সংকটের প্রেক্ষাপটে গত ৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সোমবার (১৩ এপ্রিল) প্রজ্ঞাপনটি মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থমন্ত্রীকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে মন্ত্রিসভা বৈঠকের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব প্রণয়ন করবে এই কমিটি। প্রয়োজনে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে।
এছাড়া বলা হয়েছে, কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বিদ্যুৎ বিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। নতুন গঠিত এই কমিটি অবিলম্বে কার্যকর হবে।










































