
হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেন, ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, ইটস পার্লামেন্ট।’ স্পিকারের এই মন্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। রবিবার (১২ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ বিষয়ে কথা বলেন। ‘আট কুঠুরি নয় দরজা’ শিরোনামে ৫১ মিনিট ১৮ সেকেন্ডের লাইভে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
এমপি হাসনাত বলেন, সংসদে বিরোধী দলের সদস্যদের যথেষ্ট সময় দেওয়া হয় না। তিনি অভিযোগ করে বলেন, “সালাহউদ্দিন আহমেদ ৪৫ মিনিট কথা বলার সুযোগ পান, আর আমাকে দেওয়া হয় মাত্র দুই মিনিট। একই বিষয়ে আমি কথা বলতে চাইলে সময় সীমিত করে দেওয়া হয়।
তিনি আরও বলেন, মানবাধিকার কমিশন নিয়ে আমাকে মাত্র দুই মিনিট সময় দেওয়া হয়েছে, অথচ একই বিষয়ে সালাহউদ্দিন আহমেদ প্রায় ৪০ মিনিট বক্তব্য দিয়েছেন। সুপ্রিম কোর্টের সচিবালয় নিয়েও তাদের দীর্ঘ সময় দেওয়া হয়েছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, একই বিষয়ে একজন ৪০–৪৫ মিনিট কথা বলবেন, আর আমি মাত্র দুই মিনিট—এটা অযৌক্তিক। এই অল্প সময়ের মধ্যে যদি কোনো ভুল বা আপত্তিকর বক্তব্য দেওয়া হয়, তার জবাব দেওয়ার সুযোগও আমাদের দেওয়া হয় না। সময় চাইলে বলা হয়, ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, ইটস পার্লামেন্ট’। এটি সম্পূর্ণ অন্যায্য।
তিনি আরও বলেন, এই বৈষম্যের বিরুদ্ধেই তারা আন্দোলন করেছেন এবং এখন সংসদেও সেই বৈষম্যই অব্যাহত রয়েছে।
এর আগে শুক্রবার ‘জুলাই স্মৃতি জাদুঘর বিল’ নিয়ে সরকারি ও বিরোধী দলের তর্ক-বিতর্কের সময় হাসনাত আবদুল্লাহ নিজের আসন থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। ওই সময় পরিস্থিতি শান্ত করতে গিয়ে স্পিকার উল্লিখিত মন্তব্য করেন।













































