
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা গ্রামে রিপন প্রধান (২৭) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যার দিকে শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রিপন প্রধান মতলব উত্তর উপজেলার লবাইরকান্দি গ্রামের আনামত উল্লাহর ছেলে এবং পেশায় ব্যবসায়ী ছিলেন।
নিহতের বড় ভাই শাহ আলম অভিযোগ করে বলেন, রিপন সম্পূর্ণ সুস্থ অবস্থায় ঢাকা থেকে শ্বশুরবাড়িতে গিয়েছিল। কিছুদিন আগে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক নিয়ে পারিবারিক সালিশ হয়েছিল। সেই বিরোধের জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, রিপনের শ্যালক নুরে আলমের স্ত্রীও কয়েক বছর আগে একইভাবে বিষপানে মারা যান, যা নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে।
অন্যদিকে, রিপনের স্ত্রী খাদিজা আক্তার দাবি করেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তার ভাষ্যমতে, বিকেলে খবর পান তার স্বামী বিষপান করেছেন। পরে সিএনজিযোগে তাকে মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
রিপনের বড় শ্যালিকা হাওয়া বেগমের দাবি, রিপন হঠাৎ ঘরে এসে বিষপানের কথা জানানোর পর তারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, রিপনকে হাসপাতালে নিয়ে আসার পর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তীতে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) অখিল চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: কালবেলা












































