প্রচ্ছদ অপরাধ ও বিচার গুলশানে বিপুল পরিমাণ জাল নোটসহ আটক ৩, যা জানা গেল

গুলশানে বিপুল পরিমাণ জাল নোটসহ আটক ৩, যা জানা গেল

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে তৎপর হয়ে উঠেছে জাল নোটের কারবারিরা। এসব চক্রের সদস্যদের ধরতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এসময় তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের ৩৬ নম্বর রোডে ১১/এ নম্বর বাসার সামনে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) এবং আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন জানান, মিরপুর থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার নিয়ে জাল টাকা নিয়ে আসেন হানিফ পালোয়ান এবং আশিক। টাকা নেওয়ার জন্য ১১/এ নম্বর বাসার সামনে রাস্তায় আগে থেকেই দাঁড়িয়ে ছিলেন রেজাউল। এসময় পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি বাজার করা ব্যাগ থেকে ১০০০ টাকার ৫০টি বান্ডেলে সর্বমোট ৫০ লাখ টাকার জাল নোট এবং প্রাইভেটকারটি জব্দ করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আটকদের জিজ্ঞাসাবাদ করে চক্রটির হোতাদের সম্পর্কে বিস্তারিত জানা হবে। সবাইকে আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র : কালবেলা