প্রচ্ছদ জাতীয় অবশেষে প্রকাশ্যে এলেন প্রসিকিউটরদের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগকারী

অবশেষে প্রকাশ্যে এলেন প্রসিকিউটরদের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগকারী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ এনে আলোচনায় আসা ব্যারিস্টার রিজওয়ানা ইউসুফ প্রথমবারের মতো ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) সকালে ট্রাইব্যুনালে আসেন ফজলে করিম চৌধুরীর সাবেক এই স্ত্রী।

তবে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি তিনি। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আসা-যাওয়ার সময় সাংবাদিকদের এড়িয়ে চলেন এবং বের হওয়ার সময়ও কোনো মন্তব্য করেননি এবং তদন্ত প্রতিবেদন মেনে নেওয়ার প্রসঙ্গেও কথা বলেননি।

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের এক মামলায় কারাগারে থাকা চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর আইনজীবী রিজওয়ানা ইউসুফের সঙ্গে কোটি টাকা ঘুষের বিনিময়ে জামিন করানোর বিষয়ে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কথোপকথনের একটি অডিও ফাঁস হয়।

এক মিনিট ৩৬ সেকেন্ড এবং তিন মিনিট ৪২ সেকেন্ডের দুটি কল রেকর্ডে আর্থিক লেনদেনের পাশাপাশি প্রসিকিউটর তারেক আবদুল্লাহ, আবদুল্লাহ আল নোমান, মইনুল করিম ও তানভীর হাসান জোহার নামও উঠে আসে। ঘুষের এই টাকা কয়েক কিস্তিতে পরিশোধের কথাও বলা হয়।

বিষয়টি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জরুরি বৈঠক করেন। বৈঠকে তিনি স্পষ্ট করে দেন, দায়িত্ব পালনে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না।

এদিকে অভিযোগের বিষয়ে এখনো বিস্তারিত মন্তব্য করেননি রিজওয়ানা ইউসুফ। বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।