প্রচ্ছদ আর্ন্তজাতিক নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে মুহূর্তেই সব শেষ

নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে মুহূর্তেই সব শেষ

পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার (১১ এপ্রিল) একটি মন্দিরে বিয়ে করেন ২৫ বছর বয়সী বিরেন্দ্র শাক্য। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ রাজেশ্বরী শাক্যকে নিয়ে রোববার (১২ এপ্রিল) বাড়ি ফিরছিলেন। কিন্তু পথে ট্রাকচাপায় প্রাণ গেল নবদম্পতিসহ চারজনের।

শিবপুরি জেলার একটি সড়কে পোলট্রি খাদ্যবোঝাই একটি ট্রাক উল্টে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার ওপর পড়ে যায়। এতে অটোরিকশায় থাকা চারজনই নিহত হন।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তের মধ্যে উল্টে সরাসরি অটোরিকশার ওপর পড়ে।

নিহতরা হলেন— বিরেন্দ্র শাক্য, তার স্ত্রী রাজেশ্বরী শাক্য, মা অনভেশ শাক্য (৫০) এবং ভাবি রাজো শাক্য (২২)। তবে এ সময় তার বোন ভুরিয়া শাক্য (১৯) ও অটোচালক প্রাণে বেঁচে যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরে একটি বুলডোজার ব্যবহার করে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর ট্রাক সরিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়।

যদিও হৃদয়বিদারক বিষয় হচ্ছে, দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে যাওয়া ভুরিয়া শাক্যের বাগদান হওয়ার কথা ছিল আজ। কিন্তু সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও এখন পরিবারের চারজনের শেষকৃত্যের প্রস্তুতি নিতে হচ্ছে।

সূত্র: এনডিটিভি