প্রচ্ছদ জাতীয় তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা...

তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা বহিষ্কার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াদ আহমেদ রাজকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

এতে উল্লেখ করা হয়েছে, ছাত্রদলের সাবেক সহ-অর্থ সম্পাদক রিয়াদ আহমেদ রাজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে নিজের একটি সম্পাদিত (এডিটেড), ভুয়া ও বিকৃত ছবি প্রচারে আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র অনৈতিক বা শৃঙ্খলা বহির্ভূতই নয়, বরং এটি একটি ফৌজদারি অপরাধের শামিল। এই অসৎ কর্মকাণ্ড সংগঠনের ভাবমূর্তির জন্য চরম হুমকিস্বরূপ।

এতে আরও উল্লেখ করা হয়েছে, এই অভিযোগের প্রেক্ষিতে রিয়াদ আহমেদ রাজকে ছাত্রদলের সকল পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো। এখন থেকে সংগঠনের কোনো স্তরের নেতাকর্মী রিয়াদ আহমেদ রাজের সাথে কোনো প্রকার যোগাযোগ বা সম্পর্ক রাখতে পারবেন না। একইসাথে এ ধরনের বিভ্রান্তিকর ও শৃঙ্খলা পরিপন্থী কাজ থেকে বিরত থাকার জন্য সকল স্তরের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।