
মানবিক চিকিৎসক খ্যাত ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে শেরেবাংলা নগর থানার কথিত যুবদল নেতা মঈন উদ্দিনের বিরুদ্ধে। টাকা না পেয়ে হুমকি–ধমকি ও আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হেনস্তার অভিযোগ ডাক্তার কামরুলের। তবে চাঁদা দাবিকারী ব্যক্তি দলের কেউ নয় দাবি করে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ ভুক্তভোগীকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কেন্দ্রীয় তারা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার (১০ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে দলবল নিয়ে হাজির হন স্থানীয় এক নেতা। যুবদলের নাম ভাঙিয়ে চাঁদার দাবিতে হুমকি দিতে দেখা যায় তাকে।
জানা যায়, শুধু শুক্রবারই নয়, ৫ আগস্টের পর থেকেই নানাভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হাসপাতাল থেকে চাঁদা দাবি করে আসছেন স্থানীয় ওই কথিত নেতা। চাপে ফেলতে ডা. কামরুলকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হাসপাতালের সামনে মব তৈরিরও অভিযোগ তার বিরুদ্ধে।
ডা. কামরুল ইসলামের অভিযোগ, চাঁদাবাজির ঘটনায় শুরু থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে জানালেও নেয়া হয়নি কোনো ব্যবস্থা, মেলেনি প্রতিকার।
তিনি বলেন, ‘৫ আগস্টের পর থেকেই চাঁদা দাবি করে হয়রানি করে আসছেন মঈন উদ্দিন। পুলিশকে জানিয়েছে। কিন্তু মনে হচ্ছে, পুলিশও তাকে ভয় পায়। এরপর আমি সেনাবাহিনীকেও জানিয়েছি।’
অভিযোগ শুনে মধ্যরাতেই হাসপাতালটিতে ছুটে যান যুবদলের কেন্দ্রীয় নেতারা। অভিযুক্ত মঈন উদ্দিন নিজেকে শেরে বাংলা নগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পরিচয় দিলেও কেন্দ্রীয় নেতারা বলছেন, যুবদলের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। ডাক্তার কামরুলকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন তারা।
ভুক্তভোগী ডা. কামরুল ইসলামের সঙ্গে কথা বলছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। ছবি: ভিডিও থেকে নেয়া
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না,
যুবদলের কেউ এখানে চাঁদাবাজির মতো কাজ করতে আসেনি, আসবে না। এটার দায়িত্ব আমরা নিলাম। আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা এরইমধ্যে মাঠে নেমেছেন।
যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ‘৫ আগস্টের পর যেখানেই আমরা এ ধরনের বার্তা পেয়েছি, সঙ্গে সঙ্গে তদন্ত করার ব্যবস্থা করেছি। যুবদলের কথা বলা হচ্ছে। কিন্তু যুবদলে এই নামের কেউ আমাদের নেই। এর মানে তারা সংগঠনের নামটা ব্যবহার করছে।’
হাসপাতালটি ২ হাজারের বেশি মানুষকে বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপনকারী চিকিৎসক ডা. কামরুল ইসলাম মানবিক কাজের স্বীকৃতি হিসেবে দেশে-বিদেশে সমাদৃত। মানব সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন তিনি।
সূত্র : সময় নিউজ












































