প্রচ্ছদ অপরাধ ও বিচার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) রাতে রাণীশংকৈল থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৭ এপ্রিল) রাণীশংকৈল উপজেলা পরিষদের পিআইও কার্যালয় রাতেও খোলা রাখাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুনসহ তার দলের নেতা-কর্মীরা কার্যালয়ে প্রবেশ করেন। একপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং পরবর্তীতে মারধরের ঘটনা ঘটে। এতে এক কর্মকর্তা ছাড়াও অফিস সহকারী আহত হন।

পরবর্তীতে এ ঘটনায় পিআইও নূরনবী ইসলাম বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রতিদিনের মতো অফিস কার্যক্রম চলাকালে হঠাৎ করে মামুনুর রশিদ মামুনসহ কয়েকজন নেতা-কর্মী কার্যালয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালান।

এদিকে ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে নেটিজেনদের মধ্যেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারি জানান, মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: চ্যানেল 24