প্রচ্ছদ হেড লাইন ঢাকার জন্য দুঃ-সংবাদ

ঢাকার জন্য দুঃ-সংবাদ

কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেলেও ঢাকায় আবারও তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার ভোর থেকে রাজধানী ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, শুষ্ক আবহাওয়ার কারণে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, শুক্রবার ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সার্বিক পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

অন্যদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, শুক্রবার দুপুরের মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।