
আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক শরিফুজ্জামান শরীফ। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির সঙ্গে মিশে আছে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির জন্য একটা বাস্তবতা। আবার সেই আওয়ামী লীগের বিরুদ্ধে ১৪০০ মানুষকে হত্যার অভিযোগ আছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে অসংখ্য অন্যায়ের অভিযোগ আছে। আওয়ামী লীগ যেমনিভাবে দুধে ধোয়া তুলসীপাতা না, আবার আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে আপনি এক ফুঁ দিয়ে উড়িয়েও ফেলতে পারবেন না।’
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সর্বশেষ যে নির্বাচন, সে নির্বাচনেই দেখা গেছে।
যারা অহর্নিশ আওয়ামী লীগকে তুলাধোনা করেছে তারা আবার আওয়ামী লীগের বাড়ির দুয়ারে গেছে ভোট চাওয়ার জন্য। আওয়ামী লীগকে তারা লাইফলাইন দিয়েছে এই নির্বাচনের ভেতর থেকে। বিএনপি যে অস্বস্তি প্রকাশ করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগের ব্যাপারে, সে তার জায়গা থেকে সরে গেছে। আমি বিএনপির ওই পজিশনের সঙ্গে একমত যে একটা রাজনৈতিক দলকে অধ্যাদেশ জারি করে নিষিদ্ধ করতে পারেন না।
কোনো দলকে না। তারা তাদের মধ্যে যারা অপরাধ করেছে অবশ্যই সে অপরাধের বিচার করবেন। কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট সময় নিতে হবে। আপনি বিচার করব বলে অপরাধীদের আপনি অনন্তকাল ফেলে রেখে তার ভেতর থেকে রাজনৈতিক সুবিধা নেবেন। এটা মানুষ একসময় বুঝে ফেলবে।
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ শক্তিশালী হবে, যদি সরকার তার রাষ্ট্র পরিচালনায় সফলতা দেখাতে না পারে। আওয়ামী লীগ বেঁচে থাকবে কি মরে যাবে এটি নির্ভর করছে আমাদের দেশের ভবিষ্যৎ রাজনীতির ওপরে। তবে আমাদের এখানে আওয়ামী লীগ এবং বিএনপি এটা রিয়েলিটি। আপনি চাইলেই এদের উচ্ছেদ করে ফেলতে পারবেন না।’












































