প্রচ্ছদ অপরাধ ও বিচার বিষপানে প্রাণ দিল মা-মেয়ে, নেপথ্যে যে ঘটনা

বিষপানে প্রাণ দিল মা-মেয়ে, নেপথ্যে যে ঘটনা

কুমিল্লার মুরাদনগরে মানসিক যন্ত্রণা ও অভাবের তাড়নায় বিষপান করে খাদিজা বেগম (৩০) নামে এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুকন্যা রোকাইয়া আত্মহত্যা করেছেন।

বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত খাদিজা বেগম আলীপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে। প্রথম বিয়ে বিচ্ছেদের পর কামল্লা গ্রামের হুমায়ুন কবিরের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। তাদের সংসারে রোকাইয়া নামে এক কন্যাসন্তান জন্ম নেয়। তবে কিছুদিন পরই স্বামী হুমায়ুন কবির মারা গেলে খাদিজা বেগম তার বাবার বাড়িতে চলে আসেন।

পরিবারের সদস্যরা জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই খাদিজা মানসিকভাবে ভেঙে পড়েন এবং তীব্র অভাব-অনটনের মধ্যে দিনাতিপাত করছিলেন। বুধবার দিবাগত শেষ রাতে মা ও মেয়ে বিষপান করেন। একপর্যায়ে শিশুর কান্নাকাটি শুনে পাশের ঘর থেকে খাদিজার মা রাফিয়া বেগম এসে তাদের ছটফট করতে দেখেন। দ্রুত উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— দীর্ঘদিনের মানসিক অসুস্থতা ও চরম অভাবের কারণেই তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ঘটনার সময় ওই ঘরে মা ও মেয়ে ছাড়া অন্য কেউ ছিল না।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সূত্র : কালবেলা