
জাতীয় সংসদের শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গনণা। জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ৬৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত সর্বশেষ ফলাফলে জানা যায়, মোট ১২৮টি কেন্দ্রের মধ্যে ৬৬ কেন্দ্রের ঘোষিত ফলাফলে ৮৪ হাজার ৫৫২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. মাসুদুর রহমান পেয়েছেন ২৫ হাজার ৮৯৯ ভোট।
রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা যায়, এ আসনে ভোটের হার শতকরা ৫০ দশমিক ৫২ শতাংশ।
এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এদিকে, বিভিন্ন কেন্দ্রে ব্যাপক অনিয়ম, জাল ভোট প্রদান এবং তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুপুরে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ব্যাপক অনিয়ম, জাল ভোট প্রদান এবং তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার ঘটনা ঘটেছে। তার ভাষ্য অনুযায়ী, একাধিক কেন্দ্রে তিনি নিজে উপস্থিত থেকে জাল ভোটদাতাদের হাতেনাতে আটক করে প্রিসাইডিং কর্মকর্তার কাছে সোপর্দ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
এই আসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মার্কসবাদীর প্রার্থী মিজানুর রহমান।
প্রসঙ্গত, ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার রয়েছেন। ভোটগ্রহণে অংশগ্রহণের ক্ষেত্রে শুরু থেকেই উপস্থিতি নিয়ে মিশ্র চিত্র দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।











































