
ভারত ও বাংলাদেশের মধ্যে বিমান চলাচল আরও সহজ ও কার্যকর করতে এবং এভিয়েশন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
বৈঠকে দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ বৃদ্ধি, যাত্রীসেবা উন্নয়ন এবং বেসামরিক বিমান চলাচল খাতে যৌথভাবে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়েছে।
এর আগে বুধবার (৮ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে তার কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
সাক্ষাৎকালে তারা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। এ সময় উভয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ এবং আঞ্চলিক নিরাপত্তা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এছাড়া উভয় দেশের মধ্যে বিদ্যমান সামরিক সুসম্পর্ক সুদৃঢ় এবং ভবিষ্যৎ অগ্রগতির বিষয়েও আলোচনা করেন।
এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সাক্ষাৎ শেষে প্রণয় ভার্মা সাংবাদিকদের জানান, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে ভারতের কার্যক্রম সম্পর্কে বনমন্ত্রীকে অবহিত করা হয়েছে। এ খাতে ভারতের অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য রয়েছে। ইতোমধ্যে নবায়নযোগ্য ও অ-জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতিও অর্জন করেছে ভারত।













































