প্রচ্ছদ জাতীয় দলীয় সরকারের অধীনে ভোট নিয়ে শঙ্কা জামায়াতের

দলীয় সরকারের অধীনে ভোট নিয়ে শঙ্কা জামায়াতের

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে অনিয়ম, জাল ভোট ও সহিংসতার অভিযোগ তুলে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থার কঠোর সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান এই নির্বাচনকে ‘বিভৎস রূপ’ বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে থেকে দেওয়া পোস্টে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেছেন, দলীয় সরকারের অধীনে বগুড়া-৬ এবং শেরপুর-৩ দুটি উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন কী হতে পারে, তার বিভৎস রূপ ইতিমধ্যেই জাতির সামনে চলে এসেছে।

জামায়াত আমির আরও লিখেছেন, জাতীয় সংসদ একটি পবিত্র আমানতের জায়গা। সেই জায়গায় যারা আসবেন, তারা যদি জনগণের রায়কে গায়ের জোরে পাল্টে দিয়ে আসেন, তাহলে তাদের দ্বারা দেশ ও জাতির ক্ষতি ছাড়া লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। জনগণের রায়ের প্রতি যাদের আস্থা আছে, তারা গায়ের জোর কখনোই খাটাতে চায় না।

অন্যদিকে, দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উপনির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন। এদিন দুপুরে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, জাল ভোট প্রদানসহ নানা অনিয়ম ঘটেছে। এসবের প্রতিবাদ করায় জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, কোনো মহল থেকে নির্দেশ পেয়েই প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তিনি প্রশ্ন তোলেন, নির্বাচিত সরকারের আমলের প্রথম দুটি উপনির্বাচনেই যদি এমন পরিস্থিতি দেখা যায়, তাহলে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠু হবে।

তিনি অভিযুক্ত কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি বলেন, তার দল এ বিষয়ে কোনো আবেগপ্রসূত সিদ্ধান্ত নেবে না।