
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি আর নেই। বুধবার (৮ এপ্রিল রাতে) তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) রাফিয়া ২০১৯ সালে ঢাবির রোকেয়া হল সংসদের নির্বাচনে প্রার্থী ছিলেন।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাফিয়া রাফির মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করে শোক বার্তা দিয়েছে এনসিপি। ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক পরিষদে রোকেয়া হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হন। তিনি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও সক্রিয় ছিলেন।
পরবর্তীতে তিনি এনসিপির রাজনীতিতে সক্রিয় হন। তার দুই শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে। রাফিয়া রাফির স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাদ আসর বগুড়ার গাবতলীর আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজার নামাজ হবে।










































