প্রচ্ছদ জাতীয় বিলের জন্য নামাজ দেরি করা যাবে না: স্পিকার

বিলের জন্য নামাজ দেরি করা যাবে না: স্পিকার

জাতীয় সংসদে বিল পাসের চেয়ে নামাজের সময়কে অগ্রাধিকার দিয়ে অধিবেশন বিরতি ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (৮ এপ্রিল) প্রথম অধিবেশনের ১১তম দিনের প্রথম সেশনে এই ঘটনা ঘটে। বিরতির আগে সরকারি দলের চিফ হুইপ দুটি বিল পাস করার প্রস্তাব দিলেও স্পিকার তা নাকচ করে দেন।

যোহরের আজানের সময় সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মণি স্পিকারের কাছে অনুরোধ জানান যাতে নামাজের বিরতিতে যাওয়ার আগেই নির্ধারিত দুটি বিল পাস করা হয়। তিনি যুক্তি দেন, প্রথম সেশনেই বিল দুটি পাস করার পরিকল্পনা ছিল তাদের। এ সময় বিরোধী দলীয় নেতাদের কোনো আপত্তি না থাকলে দ্রুত প্রক্রিয়া শেষ করে নামাজের বিরতিতে যাওয়ার প্রস্তাব দেন তিনি।

চিফ হুইপ অধিবেশনে বলেন, ‘মাননীয় স্পিকার, আপনি অনুমতি দিলে এবং বিরোধী দলের সায় থাকলে আমরা এই দুটি বিল পাস করে নামাজের বিরতিতে যেতে পারি।’

চিফ হুইপের এই প্রস্তাবের প্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দ্ব্যর্থহীন কণ্ঠে জানান যে, বিল পাসের জন্য নামাজের সময় পিছিয়ে দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, ‘নামাজ তো ডিলে (দেরি) করা যাবে না। আমার মনে হয় নামাজের অনুমতি দেই। এই বিলের জন্য নামাজের দেরি করা যাবে না।’

স্পিকারের এই অনড় অবস্থানের পর সংসদের বৈঠক বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। এর আগে বিরোধী দলীয় নেতারা জানান, তারা বিল দুটি পড়ার জন্য পর্যাপ্ত সময় পাননি, যা বিল পাসের প্রক্রিয়ায় বাড়তি বিবেচনার দাবি রাখে।

উল্লেখ্য, বুধবারের অধিবেশনে ১৩টি অধ্যাদেশ বিল হিসেবে পাসের জন্য উপস্থাপিত হওয়ার কথা ছিল। তবে স্পিকারের এই সিদ্ধান্তের ফলে বিল পাসের কার্যক্রম পরবর্তী সেশনে নিয়ে যাওয়া হয়।