প্রচ্ছদ জাতীয় গ্রাহকদের সতর্কবার্তা: সারাদেশে ইন্টারনেট নিয়ে ৩ দিনের দুঃসংবাদ

গ্রাহকদের সতর্কবার্তা: সারাদেশে ইন্টারনেট নিয়ে ৩ দিনের দুঃসংবাদ

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৫) -এ রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল ৯ এপ্রিল রাত থেকে ১৩ এপ্রিল ভোর পর্যন্ত ইন্টারনেট সেবা সাময়িকভাবে ধীরগতির হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

বুধবার (৮ এপ্রিল) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিপিএলসি বলেছে, কুয়াকাটায় স্থাপিত সি-এমই-ডব্লিউই-৫ ক্যাবলে রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করেছে কনসোর্টিয়াম। এই কাজ ৯ এপ্রিল রাত ১০টা (বাংলাদেশ সময়) থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চলবে, যা মোট ৩ দিন ৮ ঘণ্টা স্থায়ী হবে।

এ সময় কার্যক্রমটি ‘ট্রাফিক অ্যাফেক্টিং’ হওয়ায় সি-এমই-ডব্লিউই-৫ ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। ফলে গ্রাহকরা ইন্টারনেটের ধীরগতি বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।

তবে বিএসসিপিএলসি জানিয়েছে, কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন (সি-এমই-ডব্লিউই-৪) কেবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি সচল থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রতিষ্ঠানটি আরও জানায়, সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কাজ সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করার চেষ্টা করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি।

সূত্র : চ্যানেল 24