
নারায়ণগঞ্জে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।
এর আগে, মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ওয়ার্ডটির শান্তিনগর ক্যানেল পাড় বালুর মাঠ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন— সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি দলের সভাপতি মো. তাইজুল ইসলাম, অপর গ্রুপের মো. জামান (৪৫) ও মো. সাইফুল ইসলাম (৩৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মো. শামসুদ্দীন শেখ ও তাঁতিদল নেতা তাইজুল ইসলামের সমর্থকদের মধ্যে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় শামসুদ্দীন শেখের সমর্থকরা তাইজুল ইসলামকে চায়ের কেটলি দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এছাড়া অন্য দুজনের শরীরে গরম পানি পড়ে আহত হন।
তাঁতি দলের সভাপতি তাইজুল ইসলাম অভিযোগ করে বলেন, তার ছোট একটি কারখানার ব্যবসা ছেড়ে দিতে চাপ দেওয়া হচ্ছিল। এতে রাজি না হওয়ায় তার ওপর হামলা করা হয়। এ ঘটনায় তার মাথায় ১৮টি সেলাই পড়েছে এবং হাতও পুড়ে গেছে। তিনি এ বিষয়ে মামলা করেছেন।
অন্যদিকে শামসুদ্দীন শেখ দাবি করেন, সংঘর্ষে জড়িত উভয়পক্ষই তার পরিচিত এবং তারা আত্মীয়স্বজন। ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না এবং এ ঘটনায় তার সম্পৃক্ততা নেই।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, সংঘর্ষে জড়িতদের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। একজনের মাথায় আঘাত করা হয়েছে এবং অন্যরা গরম পানিতে আহত হয়েছেন। অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: কালবেলা












































