
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরের একটি হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ২ এপ্রিল মোহাম্মদপুরের এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. মমিনুল ইসলাম। পরে আসামির উপস্থিতিতে এ বিষয়ে শুনানির জন্য সোমবারের দিন ধার্য করেছিলেন আদালত।
গত ২৯ মার্চ বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকায় জনরোষের মুখে পড়েন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী। ওইদিন চিড়িয়াখানার সামনে উত্তেজিত জনতা ও একদল শিক্ষার্থী তাকে ঘিরে ধরলে পরিস্থিতির অবনতি ঘটে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর সাপ্তাহিক ছুটির দিন হলেও ওইদিন চিড়িয়াখানায় বিনা অনুমতিতেই শুটিং করছিলেন। একপর্যায়ে জনরোষের মুখে পড়লে সেদিন তাকে হেফাজতে নেয় পুলিশ। পরবর্তীতে তাকে মোহাম্মদপুর থানার এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।











































