প্রচ্ছদ জাতীয় নারী থেকে পুরুষ সেজে ছাত্রদলের কমিটিতে, অবশেষে যা ঘটলো

নারী থেকে পুরুষ সেজে ছাত্রদলের কমিটিতে, অবশেষে যা ঘটলো

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে জেন্ডার সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) জেলা ছাত্রদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাংগঠনিক ব্যবস্থার কথা জানানো হয়।

জেলা ছাত্রদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কসবার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী জানান, সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে আগে পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি ছিল, যা সম্প্রতি ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দেওয়া হয়। তিনি বলেন, “কমিটিতে অন্তর্ভুক্তির আগে জমা দেওয়া জীবনবৃত্তান্তে (বায়োডাটা) রেদোয়ান ইসলাম নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে কমিটি ঘোষণার পর জানা যায়, তিনি জেন্ডার পরিবর্তন করেছেন। এই তথ্যটি সাংগঠনিকভাবে গোপন রাখায় তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বহিষ্কারের বিষয়ে এক ভিডিও বার্তায় রেদোয়ান ইসলাম জানান, তাঁর সাংস্কৃতিক কর্মকাণ্ডের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতেই তাঁকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, “যোগ্যতার ভিত্তিতে কাজ করার সুযোগ থাকা উচিত। কোনো ব্যক্তির জেন্ডার বা লিঙ্গ পরিচয় নয়, বরং তাঁর সাংগঠনিক দক্ষতা ও কাজই মূল বিবেচ্য হওয়া উচিত ছিল।”

এই ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।