
বিসিবির বিরুদ্ধে আনা নানা অভিযোগ তদন্তে গঠিত কমিটি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তবে এই তদন্ত কমিটি ডাকলেও সাড়া দেননি সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এবার এ ব্যাপারে মুখ খুললেন তিনি।
তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান বলেন, ‘কাউকে অভিযুক্ত করে নয়, আমরা নিরপেক্ষ অবস্থান থেকে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সাক্ষাৎকারে ডাকা হয়েছিলো, তিনি আসেননি।’
জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘আমি কেন বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারে সাড়া দেইনি। প্রথমত, একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিসিবির উপর এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করছে মন্ত্রণালয়। দ্বিতীয়ত, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়ত, উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয়ে তদন্ত করে তদন্ত কমিটি এবং সংশ্লিষ্ট সকলে আদালত অবমাননা করছেন। চতুর্থত, ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরের বোর্ডে ডিরেক্টর পদের লোভ, লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন।’
বিসিবি পরিচালকদের মধ্যে ৭ জন ইতোমধ্যে পদত্যাগ করেছেন। বিষয়টিকে বোর্ড ভাঙার প্রলোভনের ফলাফল হিসেবে দেখছেন আসিফ মাহমুদ। তিনি আরও বলেন, ‘যখন আমাকে তদন্ত কমিটি থেকে সাক্ষাৎকাদের বিষয়ে জানানো হলো। তাদেরকে উচ্চ আদালতে বিচারাধীন বিষয় এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিষয়ে তারা তদন্ত করতে পারেন কিনা জানতে চেয়ে কোন সদুত্তর পাইনি।’
মূলত আদালত অবমাননা হবে বলেই সাড়া দেননি দাবি করে আসিফ মাহমুদ জানান, ‘কিভাবে সরকার চালাতে হয়, কিভাবে প্রজ্ঞাপন দিতে হয়, কোনটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কোনটা বিচারাধীন বিষয়, কোনটা আদালত অবমাননা এটা হয়তো আপনারা বোঝেন না অথবা তোয়াক্কা করেন না। আমি তো আর জেনে-বুঝে এসব নিয়মবহির্ভূত আর আদালত অবমাননার মতো কাজে শামিল হব না। এজন্যই বিসিবি সংক্রান্ত তদন্ত কমিটির সাক্ষাৎকারের নোটিশে আমি সাড়া দেইনি।’
আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া বার্তায় এসব কথা জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সূত্র : কালবেলা












































