
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্য রানওয়ের একটি লাইন লাইট ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে রানওয়ে বন্ধ রাখা হয়। এ কারণে প্রায় ১৫ মিনিট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম বন্ধ ছিল।
শনিবার (৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্র গণমাধ্যমকে জানায়, রাত পৌনে ৮টার দিকে নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকার রানওয়েতে অবতরণের পর পাইলট দেখতে পান, রানওয়ের মাঝখানে থাকা সাদা রঙের লাইন লাইট নির্ধারিত স্থান থেকে ভেঙে বের হয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে জানান। পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে রানওয়ে বন্ধ ঘোষণা করা হয়।
এই লাইন লাইট মূলত পাইলটদের উড্ডয়ন ও অবতরণের সময় সঠিকভাবে রানওয়ের কেন্দ্ররেখা ধরে চলতে সহায়তা করে। আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী এ ধরনের ত্রুটি দেখা দিলে রানওয়ে বন্ধ রাখা বাধ্যতামূলক।
রানওয়ে বন্ধ থাকায় কোলকাতা থেকে ঢাকাগামী-এর বিজি-৩৯৬ ফ্লাইটকে আকাশে চক্কর দিতে নির্দেশ দেয় এটিসি, ফলে নির্ধারিত সময়ে অবতরণ সম্ভব হয়নি। এছাড়া এমিরেটস-এর ইকে-৫৮৭ ফ্লাইটসহ ঢাকা থেকে দুবাই ও ওমানের মাস্কাটগামী একটি ফ্লাইটের কার্যক্রমেও সাময়িক প্রভাব পড়ে।
পরবর্তীতে দ্রুত ত্রুটি মেরামত করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। রাত ৮টা ৬ মিনিটের পর পুনরায় উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম চালু হয়।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রানওয়ে পরীক্ষা শেষে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।











































